নারায়ণগঞ্জে কমরেড ফরহাদের স্মরণসভা
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) নারায়ণগঞ্জ জেলা কমিটির উদ্যোগে গতকাল শুক্রবার কমরেড ফরহাদের স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। বিকেলে নগরীর ৫ নম্বর ঘাট এলাকায় জেলা কমিটির কার্যালয়ে ওই স্মরণসভা হয়।
সিপিবি সূত্রে জানা গেছে, স্মরণসভায় সভাপতিত্ব করেন সিপিবির নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি হাফিজুল ইসলাম। বক্তব্য দেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য মন্টু ঘোষ, জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড শিবনাথ চক্রবর্তী, শহর কমিটির সভাপতি আবদুল হাই শরীফ, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের জেলা সমন্বয়ক নিখিল দাস, কমরেড দুলাল সাহা, খেলাঘর নারায়ণগঞ্জ জেলার সভাপতি রথীন চক্রবর্তী, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের জেলা সাধারণ সম্পাদক বিমল কান্তি দাস, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আবদুর রহমান, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক ধীমান সাহা জুয়েল, বাংলাদেশ মহিলা পরিষদের জেলা নেত্রী শাহানারা বেগম, গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের জেলা সাধারণ সম্পাদক ইকবাল হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, ১৯৩৮ সালের ৫ জুলাই পঞ্চগড়ের বোদা উপজেলায় কমরেড ফরহাদ জন্মগ্রহণ করেন। ১৯৫২ সালের ভাষা আন্দোলনের সময় তিনি ছিলেন দিনাজপুর জেলা স্কুলের ছাত্র। তখন থেকেই তিনি ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত হন। পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন গঠিত হওয়ার সঙ্গে সঙ্গেই তিনি দিনাজপুরে ছাত্র ইউনিয়ন গড়ে তোলেন। ১৯৫৮ সালে তিনি ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় নেতৃত্বে চলে আসেন। ১৯৬৬ সালে কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সংগঠক নির্বাচিত হন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে তিনি কমিউনিস্ট পার্টি, ন্যাপ ও ছাত্র ইউনিয়নের গেরিলা বাহিনীর সংগঠক ছিলেন।