নারায়ণগঞ্জে কোনো গডফাদার থাকবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ প্রেসক্লাবে গতকাল প্রথম আলো আয়োজিত ‘অপহরণ গুম–খুন, কোথায় চলেছে নারায়ণগঞ্জ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে আলোচকেরা l ছবি: প্রথম আলো
নারায়ণগঞ্জ প্রেসক্লাবে গতকাল প্রথম আলো আয়োজিত ‘অপহরণ গুম–খুন, কোথায় চলেছে নারায়ণগঞ্জ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে আলোচকেরা l ছবি: প্রথম আলো

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছেন, অপহরণ, গুম-খুনের ঘটনায় অভিযুক্ত ও দায়ী কোনো গডফাদার পরিবার নারায়ণগঞ্জে থাকতে পারবে না। তিনি বলেন, একের পর এক অপহরণ ও খুনের ঘটনা ঘটছে। অভিযুক্তরা প্রভাবশালী হওয়ায় সাজা হচ্ছে না। কিন্তু এভাবে আর চলবে না। যত বড় গডফাদারই হোক না কেন, আর কোনো অন্যায় মেনে নেওয়া হবে না।
গতকাল বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে প্রথম আলো আয়োজিত ‘অপহরণ গুম-খুন, কোথায় চলেছে নারায়ণগঞ্জ’ শীর্ষক গোলটেবিল আলোচনায় মেয়র আইভী এসব কথা বলেন। জেলার শীর্ষস্থানীয় ব্যবসায়ী, আইনজীবী, সাংবাদিক, নারীনেত্রী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা আলোচনায় অংশ নেন।
গোলটেবিলের বক্তারা বলেন, ব্যবসা-বাণিজ্য, ক্রীড়া, সংস্কৃতিসহ বিভিন্ন ক্ষেত্রে নারায়ণগঞ্জের যে সম্ভাবনা ছিল, তাকে গলাটিপে হত্যা করা হয়েছে। এর পেছনে মূল কারণ হলো আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি। আর এই অবনতির জন্য তাঁরা রাজনীতির দুর্বৃত্তায়ন, পুলিশ ও প্রশাসনের ব্যর্থতা, গডফাদার পরিবারের পেছনে সরকারের উচ্চপর্যায়ের সমর্থনকে দায়ী করেন। নারায়ণগঞ্জকে আতঙ্ক, ভয় ও সন্ত্রাসের জনপদ থেকে বের করে আনতে নাগরিকদের ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করেন তাঁরা।
প্রধান অতিথির বক্তব্যে সেলিনা হায়াৎ বলেন, কেউ না থাকলেও তিনি নারায়ণগঞ্জে থেকেই গডফাদারদের বিরুদ্ধে লড়াই করে যাবেন। সাংসদ শামীম ওসমানকে ইঙ্গিত করে মেয়র বলেন, ২০০৮-এর নির্বাচনে আওয়ামী লীগের বিজয়ের পর পালানো অবস্থা থেকে দেশে ফিরে ওই ব্যক্তি একই কাজে লিপ্ত হন। অথচ প্রশাসন, পুলিশ কিছুই করতে পারছে না।
প্রধানমন্ত্রীর উদ্দেশে আইভী বলেন, একটি-দুটি পরিবারের পাশে থাকলে হবে না। জনগণের পাশে থাকতে হবে। এক পরিবারের পাশে থাকবেন আর বাকি পরিবার ওই পরিবারের কারণে আতঙ্কে থাকবে, তা তো হতে পারে না। তিনি বলেন, আওয়ামী লীগ বা বিএনপি মনে করে, ৬৪ জেলায় ৬৪ জন গডফাদার থাকলেই তাদের কাজ হয়ে যাবে। সাধারণ মানুষ বা কর্মীদের তাদের দরকার নেই। এই ভাবনা ঠিক নয়। সাধারণ মানুষ জেগেছে। যেকোনো সময় বিস্ফোরণ ঘটবে।
সম্প্রতি সাত খুনের ঘটনায় নিহত আইনজীবী চন্দন সরকারের মেয়ে সুস্মিতা সরকার আলোচনায় অংশ নিয়ে বলেন, তাঁদের আর কিছু চাওয়ার নেই। তাঁরা কেবল বিচান চান। তাঁরা চান, এ ধরনের একটি ঘটনাও যেন জেলায় আর না ঘটে।
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি সাখাওয়াত হোসেন খান বলেন, সাত খুনের সঙ্গে র্যাবের কিছু বিপথগামী সদস্য জড়িত। তবে এ ঘটনায় র্যাব-১১-এর সাবেক অধিনায়ক তারেক সাঈদ মোহাম্মাদকে রক্ষা করার চেষ্টা চলছে। মূল আসামি নূর হোসেনকে পুলিশ প্রশাসনের সবাই পালিয়ে যেতে সহায়তা করেছে। সাত খুনের সঙ্গে রাঘব-বোয়ালদের নাম আসছে। অথচ তাঁদের গ্রেপ্তার তো দূরের কথা, জিজ্ঞাসাবাদও করা হচ্ছে না।
এফবিসিসিআইয়ের পরিচালক প্রবীর কুমার সাহা বলেন, রাজনীতিবিদদের কাছে চাওয়া, তাঁরা আমাদের নিরাপত্তা দেবেন। তিনি বলেন, ত্বকীর মতো নিরীহ শিশুকে হত্যা করা হলো। অথচ বিচার হবে না, তা হতে পারে না। তিনি বলেন, ‘নারায়ণগঞ্জের মানুষ হিসেবে নিজেকে পরিচয় দিতে বিব্রতবোধ করি৷’
বিকেএমইএর সাবেক সভাপতি ফজলুল হক বলেন, নারায়ণগঞ্জের মানুষ অদূর ভবিষ্যতে বর্তমান পরিস্থিতি থেকে

মুক্তি পাবে বলে মনে হয় না। এখানকার মানুষ ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে আন্দোলন করছে। এ কেমন কথা। নিরাপত্তা দেওয়া তো রাষ্ট্রের দায়িত্ব। নাগরিকের অধিকার। তিনি বলেন, প্রশাসনিক ব্যর্থতা ক্রমাগত বাড়ছে। পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বলছেন, সাত খুনের ঘটনা একটি বিচ্ছিন্ন ঘটনা
নারায়ণগঞ্জে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বি বলেন, বিচার হচ্ছে লোক দেখানো। ত্বকী হত্যার অভিযোগপত্র দেওয়া হচ্ছে না। এ ঘটনা আজমেরী ওসমানের নেতৃত্বে হলেও এর নির্দেশদাতা হলেন শামীম ওসমান। অথচ তাঁদের পাশে আছেন স্বয়ং প্রধানমন্ত্রী। এই হলে কোনো হত্যার বিচার হবে না। রাষ্ট্রের উচ্চপর্যায় থেকে নারায়ণগঞ্জে ঘটে যাওয়া ঘটনাগুলো নিয়ে বিচার বিচার খেলা হচ্ছে।
মুক্তিযোদ্ধা ফরিদা আক্তার বলেন, তাঁর জেলার অবস্থা দেখে তিনি হতাশ। রাজনীতি ছাড়া দেশ চলবে না। তাই এ অবস্থা থেকে উত্তরণের জন্য রাজনীতিবিদদেরই এগিয়ে আসতে হবে।
নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হালিম আজাদ বলেন, দু-তিন বছর ধরে যেসব গুম-খুন হচ্ছে, তা সবই একই সূত্রে গাঁথা। আর্থিক ক্ষেত্রগুলোর আধিপত্য নিয়ে এসব ঘটনা ঘটছে।
নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আবদুর রহমান বলেন, প্রধানমন্ত্রী নিজেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন। কিন্তু তিনি সেই দায়িত্ব পালন করতে পারছেন না। তিনি অভিযোগ করেন, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের কারণে ত্বকী হত্যা মামলার অভিযোগপত্র দেওয়া হচ্ছে না।
আমরা নারায়ণগঞ্জবাসীর সভাপতি নুরউদ্দীন আহমেদ বলেন, নারায়ণগঞ্জে অপহরণ, গুম, খুন, মাদক ব্যবসাসহ বিভিন্ন অপকর্ম রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয়ে হচ্ছে।
নারীনেত্রী লক্ষ্মী চক্রবর্তী বলেন, মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদারদের গুলিতে নিহত মুক্তিযোদ্ধা আর মুক্তিগামী মানুষের লাশ শীতলক্ষ্যা নদীতে ভাসত। এর এখন সেই নদীতে খুনের শিকার মানুষের লাশ ভাসে।
আলোচনায় সঞ্চালকের দায়িত্ব পালন করেন প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম। আলোচনার সূচনা করে তিনি বলেন, বাংলাদেশ এগোচ্ছে। এ দেশের মানুষের চাওয়া আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো হোক। অপরাধী যত শক্তিধরই হোক না কেন, তাকে আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হবে। এটাই সরকারের কাছে সাধারণ মানুষের দাবি।