নারায়ণগঞ্জে গ্যাসের তীব্র সংকট, গ্রাহকের ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় জ্বালানি গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে ১৯ ঘণ্টাই গ্যাস থাকছে না। দিনের বেলায় না থাকলেও গভীর রাতে গ্যাসের চাপ বাড়ছে। ভোর হতে না-হতেই আবার কমে যাচ্ছে চাপ। শীত মৌসুমে এ সমস্যা আরও প্রকট আকার ধারণ করেছে।
গ্যাস-সংকটের কারণে বিপাকে পড়েছেন গৃহিণীরা। এ কারণে অনেকে সিলিন্ডার গ্যাস ও কেরোসিনের স্টোভে রান্না করছেন। কিন্তু এতে তাঁদের খরচ অনেক বেড়ে যাচ্ছে। গ্যাস-সংকটের কারণে শিল্পকারখানার স্বাভাবিক উৎপাদনও ব্যাহত হচ্ছে।
শহরের কলেজ রোড এলাকার বাসিন্দা আসমা আহম্মেদ জানান, গ্যাস না থাকায় তাঁদের রান্নার কাজে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। রাত ১২টার পর গ্যাসের চাপ কিছুটা বাড়লেও সকাল ছয়টার আগেই চাপ কমে যাচ্ছে। দক্ষিণ সস্তাপুর এলাকার গৃহবধূ মার্জিয়া তালুকদার বলেন, চুলায় নিভু নিভু গ্যাস দিয়ে কোনো কিছুই করা যাচ্ছে না।
ইসদাইর এলাকার ব্যবসায়ী আলমগীর হোসেন বলেন, গ্যাস-সংকটের কারণে তাঁদের বাড়িতে মাসে দুটি করে তরল গ্যাস সিলিন্ডার ব্যবহার করতে হচ্ছে। এতে বাড়িতে মাসিক খরচ তিন-চার গুণ বেড়ে গেছে।
খোঁজ নিয়ে জানা যায়, শহরের বাবুরাইল, পাইকপাড়া, নয়াপাড়া, জল্লারপাড়, শীতলক্ষ্যা, তামাকপট্টি, নলুয়া, বাবুরাইল দেওভোগ, নিমতলা, সুতার পাড়া, মণ্ডলপাড়া, টানবাজার, কালীর বাজার, পালপাড়া, কাশিপুর, গলাচিপা, নন্দীপাড়া, গোয়ালপাড়া, কলেজ রোড, জামতলা, ইসদাইর, মাসদাইর, গাবতলী, উত্তর চাষাঢ়া, চাঁদমারি, মিশনপাড়া, আমলাপাড়া, ডন চেম্বার, ব্যাংক কলোনি, খানপুর, তল্লা, পাঠানতলী, হাজীগঞ্জ ছাড়াও গোদনাইল, জালকুড়ি, সস্তাপুর, দক্ষিণ সস্তাপুর, কাঠেরপুল, কোতালেরবাগ, লাল খাঁ, সেহাচর, পাগলা, পঞ্চবটী, ভোলাইলসহ অন্যান্য এলাকায় গ্যাসের তীব্র সংকট চলছে বলে জানা গেছে।
এদিকে গ্যাস-সংকটের কারণে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড গত মার্চে সিদ্ধিরগঞ্জ থেকে পঞ্চবটী পর্যন্ত ১৬ কিলোমিটার পাইপলাইন বসানোর কাজ শুরু করলেও তা এখনো সম্পন্ন হয়নি। ঠিকাদারি প্রতিষ্ঠান দ্য রয়েল ইউটিলাইজেশনের প্রকল্প পরিচালক আবদুস সাত্তার বলেন, আগামী মার্চ নাগাদ পাইপলাইন বসানোর কাজ শেষ হলে গ্যাস সরবরাহ শুরু হবে।
এদিকে গ্যাস-সংকটের কারণে শিল্পকারখানার উৎপাদনও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বাংলাদেশ নিট প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের সংগঠন বিকেএমইএর প্রথম সহসভাপতি মোহাম্মদ হাতেম জানান, কয়েক মাস ধরে গ্যাস-সংকট তীব্র হয়েছে। দিনের বেলায় গ্যাস পাওয়া যায় না। রাতে কিছুটা গ্যাস এলেও চাপ কম। ইউরোপে মন্দার কারণে এমনিতেই চাহিদা কমে গেছে। এবার গ্যাস-সংকটের কারণে উৎপাদন কমে যাওয়ায় বিদেশি ক্রেতারা অন্য দেশে চলে যাচ্ছেন। এতে নিটওয়্যার মার্কেট হারানোর আশঙ্কা রয়েছে।
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির নারায়ণগঞ্জ কার্যালয় সূত্র জানায়, নারায়ণগঞ্জে গ্যাসের চাহিদা ১২৫ মিলিয়ন ঘনফুট। সরবরাহ করা হচ্ছে মাত্র ৮২ মিলিয়ন ঘনফুট। সার ও বিদ্যুৎ কারখানাগুলোতে গ্যাস সরবরাহ করায় এই সংকটের সৃষ্টি হয়েছে। সিদ্ধিরগঞ্জ থেকে গোদনাইল পর্যন্ত ১৬ ইঞ্চি ব্যাসের পাইপলাইন এবং গোদনাইল থেকে ফতুল্লার পঞ্চবটী পর্যন্ত ১২ ইঞ্চি ব্যাসের পাইপলাইন স্থাপনের কাজ শেষ হলে এ সংকট কেটে যাবে। তবে এ ব্যাপারে কার্যালয়ের কর্মকর্তারা কোনো মন্তব্য করতে রাজি হননি।