নারায়ণগঞ্জে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় চোর সন্দেহে আল আমিন (৩৫) নামের এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার রাতে সমুদ্র অধিদপ্তরের আওতাধীন ডেক কর্মী প্রশিক্ষণ কেন্দ্রে (ডিপিটিসি) এ ঘটনা ঘটে। আল আমিন সোনাকান্দা এলাকার নূরুল ইসলামের ছেলে।
বন্দর থানার ওসি আকতারুজ্জামান জানান, গতকাল বুধবার লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানান, মঙ্গলবার রাতে ডিপিটিসির আশপাশে ঘোরাফেরার সময় কেন্দ্রের নিরাপত্তাপ্রহরী নুরুল ইসলামসহ কয়েকজন শিক্ষার্থী আল আমিনকে আটক করেন। পরে তাঁকে মাদকাসক্ত ও চোর আখ্যা দিয়ে মারধর করে রাতভর বেঁধে রাখেন। সকালে আল আমিন মারা যান। বেলা ১১টার দিকে ডিপিটিসির প্রহরী ও কয়েকজন শিক্ষার্থী মিলে লাশ সোনাকান্দা এলাকায় শীতলক্ষ্যা নদীতে ফেলার সময় এলাকাবাসী দেখে তাঁদের ধাওয়া করে। পরে নদী থেকে লাশ উদ্ধার করা হয়।
আল আমিনের বোন পারভীন আক্তার জানান, মঙ্গলবার রাতে ১০টায় আল আমিন বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন।