নারায়ণগঞ্জে জাপার প্রার্থী সেলিম ওসমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেলিম ওসমান
সেলিম ওসমান

নারায়ণগঞ্জ-৫ আসনের প্রয়াত সাংসদ নাসিম ওসমানের শূন্য আসনে উপনির্বাচনে জাতীয় পার্টির (জাপা) প্রার্থী হচ্ছেন তাঁরই ভাই সেলিম ওসমান। আজ বুধবার জাপার মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু সংবাদ সম্মেলন করে বিষয়টি নিশ্চিত করেছেন।

সেলিম ওসমানের দলীয় মনোনয়ন চূড়ান্ত করতে আজ রাজধানীর বনানীতে দলের চেয়ারম্যান এইচ এম এরশাদের কার্যালয়ে বৈঠকে বসে দলের সংসদীয় বোর্ড। বৈঠকের পর সংবাদ সম্মেলন করে দলের এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
এর আগে আজ সকালে এরশাদের সঙ্গে দেখা করেন শামীম ওসমান।

নারায়ণগঞ্জ-৫ আসনের উপনির্বাচনে অংশ নিতে জাপা থেকে সেলিম ওসমানসহ তিনজন মনোনয়নপত্র সংগ্রহ করেন। অন্য দুজন হলেন বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের রাজনৈতিক সচিব গোলাম মসিহ এবং গতকালই জাতীয় পার্টিতে যোগদানকারী ব্যবসায়ী শামীম মিয়া।
এই আসনে আওয়ামী লীগ কোনো প্রার্থী দেবে না বলে আগেই জানিয়েছে।

দলীয় সূত্রগুলো বলছে, ওসমান পরিবার থেকে কাউকে প্রার্থী করার ব্যাপারে জাতীয় পার্টির স্থানীয় নেতা-কর্মীদের চাপ ছিল। তবে রওশন এরশাদ গোলাম মসিহকে মনোনয়ন দিতে চেয়েছিলেন। শেষ পর্যন্ত তাঁর ইচ্ছা পূরণ হয়নি।


নারায়ণগঞ্জের সাংসদ জাতীয় পার্টির নেতা লিয়াকত হোসেন খোকা প্রথম আলোকে বলেন, নাসিম ওসমান জাতীয় পার্টি থেকে নির্বাচিত সাংসদ ছিলেন। দলের নেতা-কর্মীরা চান তাঁর পরিবারের কেউ নির্বাচনে দাঁড়াক।

প্রথমে প্রার্থী হিসেবে প্রয়াত নাসিম ওসমানের স্ত্রী পারভিন ওসমান ও পরে তাঁর মেয়ে আফরিন ওসমানের নাম শোনা গিয়েছিল। অবশেষে আজ সকালে সেলিম ওসমানের নামে দলীয় মনোনয়নপত্র কেনা হয়।
জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য নাসিম ওসমানের মৃত্যুতে নারায়ণগঞ্জ-৫ আসনটি শূন্য হয়। আসনটিতে আগামী ২৬ জুন উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এ আসনে প্রথম মনোনয়নপত্র কেনেন সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক ও সন্ত্রাসীদের হাতে নিহত তানভীর মুহাম্মদ ত্বকীর বাবা সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি।