নারায়ণগঞ্জে জ্বালানি গ্যাসের তীব্র সংকট ভোগান্তি চরমে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে বাসাবাড়ি ও শিল্পপ্রতিষ্ঠানে জ্বালানি গ্যাসের তীব্র সংকট চলছেই। ভোর পাঁচটা থেকে রাত ১১টা পর্যন্ত গ্যাস থাকছে না। অনেক বাসায় গ্যাস আসে রাত দুইটায়।

রাত জেগে রান্না করতে গিয়ে অসুস্থ হয়ে পড়ছেন গৃহিণীরা। গ্যাসের অভাবে ব্যাহত হচ্ছে শিল্পকারখানার উৎপাদন। অনেক গৃহিণী বাধ্য হয়ে গ্যাস সিলিন্ডার, কেরোসিনের স্টোভ ও মাটির চুলায় রান্না করছেন। এতে প্রতি মাসে তিন থেকে চার হাজার টাকা অতিরিক্ত খরচ হচ্ছে।

গ্যাসের সংকট নিরসনের দাবিতে নারায়ণগঞ্জ নাগরিক কমিটি ও আমরা নারায়ণগঞ্জবাসী দীর্ঘদিন ধরে বিক্ষোভ মিছিল, সভা-সমাবেশ, ঘেরাওসহ বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করলেও কোনো উদ্যোগ নেয়নি তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি। দাবি আদায়ে আমরা নারায়ণগঞ্জবাসী ৩০ অক্টোবর নারায়ণগঞ্জে আধা বেলা হরতাল ডাকলেও দেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে তারা হরতালের কর্মসূচি স্থগিত করে।

একাধিক বাসিন্দা জানান, গত চারদলীয় জোট সরকারের আমলের শেষের দিক থেকে নারায়ণগঞ্জে গ্যাসের সংকট শুরু হয়। তত্ত্বাবধায়ক সরকারের আমলে এসে সংকট আরও বাড়ে। এরপর আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকার আসার পর সংকট তীব্র হয়। আগে দিনে কমবেশি গ্যাস পাওয়া গেলেও এই সরকারের আমলে দিনে কোনো গ্যাসই পাওয়া যায় না। রাত ১১টার পর থেকে অল্প অল্প করে গ্যাস আসা শুরু হয়। কোনো কোনো এলাকায় গ্যাস আসে রাত একটা থেকে দুইটার মধ্যে। ভোররাত চারটা থেকে পাঁচটার মধ্যে গ্যাস চলে যায়।

দক্ষিণ সস্তাপুর এলাকার বাসিন্দা গৃহিণী মিনারা বেগম বলেন, বছরের পর বছর ধরে গ্যাসের সংকট চলছে। গভীর রাতে গ্যাস এলেও চাপ থাকে কম। তা দিয়ে রান্না করতে করতে ভোর হয়ে যায়। সকালে ও দুপুরের খাবার রেস্তোরাঁ থেকে কিনে খেতে হচ্ছে।

শহরের বাবুরাইল এলাকার বাসিন্দা ব্যবসায়ী মনজুরুল আলম বলেন, ‘মাসে মাসে গ্যাসের বিল পরিশোধ করছি। অথচ সে অনুযায়ী গ্যাসই পাচ্ছি না। কেরোসিনের স্টোভ ও গ্যাস সিলিন্ডার ব্যবহার করায় খরচ কয়েক গুণ বেড়ে গেছে।’

গ্যাস-সংকটের কারণে অনেক ঘরে দাম্পত্য কলহ দেখা দিচ্ছে বলে জানালেন বিলুপ্ত নারায়ণগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর ও শহরের পাইকপাড়া এলাকার বাসিন্দা অলিউদ্দিন ভূঁইয়া। তিনি বলেন, স্বামী সময়মতো খাবার না পেয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া করছেন। আবার গ্যাস-সংকটের কারণে স্বামী ও সন্তানের জন্য সময়মতো খাবার তৈরি করতে পারছেন না গৃহবধূ।

শহরের চাষাঢ়া বালুর মাঠ এলাকার গৃহবধূ শাহনাজ বেগম বললেন, ‘আমাদের বাড়ির পাশেই তিতাসের আঞ্চলিক কার্যালয়। আগে যা-ও একুট গ্যাস পেতাম, এখন তা-ও পাওয়া যায় না। গ্যাস-সংকটের কারণে পরিবারের কারোর জন্য ঠিকমতো রান্না করতে পারছি না। যে অবস্থা তৈরি হয়েছে, তাতে গ্যাসের দাবিতে রাস্তায় নামা ছাড়া কোনো উপায় নেই।’

যোগাযোগ করা হলে বাংলাদেশ নিট পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের সমিতির (বিকেএমইএ) প্রথম সহসভাপতি মোহাম্মদ হাতেম জানান, গ্যাসের সংকটের কারণে উৎপাদন অনেক কমে গেছে। এ কারণে বিদেশি ক্রেতারা অন্য দেশে রপ্তানি আদেশ দিচ্ছেন। এতে নিটওয়্যার মার্কেট হারানোর সম্ভাবনা রয়েছে। তাই শিল্পকারখানায় গ্যাস সরবরাহ নিশ্চিত করার দাবি জানান তিনি।

গ্যাস-সংকটের ব্যাপারে তিতাসের নারায়ণগঞ্জ কার্যালয়ের একাধিক কর্মকর্তার কাছে বক্তব্য জানতে চাইলে তাঁরা ঢাকার নির্দেশ ছাড়া সাংবাদিকদের সঙ্গে কথা বলা নিষেধ বলে জানান। এমনকি নামও প্রকাশ করতে বারণ করেন।

নাম প্রকাশ না করার শর্তে তিতাসের কর্মকর্তারা জানান, নারায়ণগঞ্জে গ্যাসের চাহিদা ১২৫ মিলিয়ন ঘনফুট। সরবরাহ করা হচ্ছে ৮২ মিলিয়ন ঘনফুট। সার, বিদ্যুৎ ও সিমেন্ট কারখানায় অতিরিক্ত গ্যাস সরবরাহ করায় এ সংকটের সৃষ্টি হয়েছে।