নারায়ণগঞ্জে ডাকাতের গুলিতে স্কুলছাত্র নিহত
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় গতকাল শনিবার ডাকাতের গুলিতে সালমান নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন পাঁচজন।
ডাকাতেরা একটি বাড়িতে হানা দিয়ে টাকা ও স্বর্ণালঙ্কারসহ প্রায় পাঁচ লাখ টাকার মালামাল নিয়ে যাওয়ার সময় প্রতিরোধের মুখে পড়লে তাদের হামলায় এই হতাহতের ঘটনা ঘটে।
সালমান (১২) ওই এলাকার শাহ্ জালালের ছেলে এবং কেরামতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র। আহত ব্যক্তিদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, গতকাল ভোররাতে উপজেলার মদনগঞ্জ শান্তিনগর এলাকার জামাল ভূঁইয়ার বাড়িতে একদল ডাকাত হানা দেয়। ডাকাতেরা দরজা ভেঙে ঘরে ঢুকে অস্ত্রের মুখে সাত ভরি ওজনের স্বর্ণালংকার ও এক লাখ ৭০ হাজার টাকা লুট করে। এ সময় বাধা দিলে ডাকাতেরা জামাল ভূঁইয়ার ছেলে মুন্নাকে (২৫) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। তাঁদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ডাকাতেরা আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র নিয়ে এলাকাবাসীর ওপর হামলা চালায়।
সালমানের মা সেলিনা বেগম জানান, প্রতিবেশী জামাল ভূঁইয়ার বাড়িতে ডাকাত হানা দিয়েছে, এ খবর পেয়ে এলাকার লোকজনের সঙ্গে তাঁরাও ঘর থেকে বেরিয়ে ডাকাতদের ঘিরে ফেলেন। এ সময় এক ডাকাত তাঁদের বাড়ির উঠানে ঢুকে সালমানকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর চেষ্টা চালালে তিনি রামদা ধরে ফেলেন। পরে বাইরে থেকে এক ডাকাত গুলি করলে তা সালমানের বুকে লাগে। ডাকাতেরা সালমানের নানি আমেনা খাতুনকে পিটিয়ে আহত করে।
এ ছাড়া ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন ওই এলাকার ইকবাল, সাইফুল ও ইমরান নামে তিন ব্যক্তি। পরে ডাকাতেরা ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে শীতলক্ষ্যা নদী দিয়ে ট্রলারে করে পালিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতারুজ্জামান জানান, গুলিতে নিহত স্কুলছাত্রের লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি ককটেল এবং একটি রাম দা উদ্ধার করেছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে জামাল নামের একজনকে আটক করা হয়েছে।