নারায়ণগঞ্জে ডিএনডি বাঁধের ভেতরে জলাবদ্ধতা, দুর্ভোগ
নারায়ণগঞ্জে গত দুই দিনের টানা বৃষ্টিতে ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) বাঁধের ভেতরে ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পানিতে তলিয়ে গেছে রাস্তাঘাট, বাড়িঘর ও শিল্পকারখানা। দুর্ভোগে পড়েছেন বাসিন্দারা। অনেকে আত্মীয়স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছেন।
ভুক্তভোগীদের অভিযোগ, পানিনিষ্কাশনের খালগুলো দখল ও ভরাট হয়ে যাওয়ায় সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে।
তবে উপজেলা প্রশাসন জানিয়েছে, ১৯৮৮ সালের বন্যায় দেশের বিভিন্ন জায়গা পানিতে তলিয়ে গেলেও ডিএনডি বাঁধের ভেতর থাকে বন্যামুক্ত। এ কারণে সেখানে গড়ে ওঠে বাড়িঘর, শিল্পকারখানা ও শিক্ষাপ্রতিষ্ঠান। সেই সঙ্গে কমতে থাকে কৃষিজমি। বর্তমানে ডিএনডি বাঁধের ভেতরে প্রায় ২০ লাখ মানুষ বসবাস করে।
কিন্তু দুই দিনের টানা বৃষ্টিতে বাঁধের ভেতরে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার সস্তাপুর, লাল খাঁ, সেহাচর, ওয়াপদারপুল, টাগারপাড়, উত্তর মাসদাইর, তুষারধারা, জালকুড়ি, ভূঁইগড়, লামপাড়া, রামারবাগ, নয়ামাটি, কুতুবপুর, পাগলা, চিতাশাল, সিদ্ধিরগঞ্জের মিজমিজি, পাইনাদি, কালাহাতিয়ার পাড়, সিআইখোলা, নতুন মহল্লা, মজিববাগ, কুতুববাগ, রসুলবাগ, নিমাই কাসারী, টেংগারপাড়, কোদালদাহ, বকশনগর, হাজীগঞ্জ, গিরিধারা, সাহেবপাড়া, বাগপাড়া, ধনকুন্ডাসহ বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে গেছে। পানিনিষ্কাশনের খালগুলো অবৈধ দখল এবং ময়লা-আবর্জনা ফেলে ভরাট করায় পানি সরতে না পেরে বিশাল এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এসব এলাকায় পানির সঙ্গে শিল্পকারখানার বিষাক্ত বর্জ্য মিশে ব্যাপক দুর্গন্ধের সৃষ্টি হয়েছে।
দক্ষিণ সস্তাপুর এলাকার বাসিন্দা গৃহবধূ জুলেখা বেগম জানান, দুই দিনের বৃষ্টিতে তাঁর ঘরবাড়ি হাঁটুপানিতে তলিয়ে গেছে। বাড়ির আসবাবসহ বিভিন্ন জিনিস নষ্ট হয়ে যাচ্ছে।
শিমরাইলের ডিএনডি পাম্প হাউসের নির্বাহী প্রকৌশলী গোলাম সারোয়ার জানান, খালগুলো দিয়ে পানি নেমে আসতে না পারায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বৃষ্টি না হলে শিগগিরই পানিনিষ্কাশন করা সম্ভব হবে।
নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাউছুল আযম জানান, খালগুলোতে অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ নেওয়া হয়েছে।