নারায়ণগঞ্জে তিন, মানিকগঞ্জে দুজনের মৃত্যুদণ্ডাদেশ
নারায়ণগঞ্জের আড়াইহাজারে শামীম মোল্লা হত্যা মামলায় তিনজনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। মানিকগঞ্জে এক গৃহবধূকে হত্যার দায়ে স্বামী ও দেবরকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়েছে।
নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফউজুল আজিম গতকাল বুধবার দুপুরে আসামিদের উপস্থিতিতে মৃত্যুদণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন মোসাদ্দেক আলী (২৫), শামীম ভূঁইয়া (২৫) ও জাকারিয়া (২৬)।
নারায়ণগঞ্জ আদালতের সরকারি কৌঁসুলি জাসমিন আক্তার জানান, ২০০৮ সালের ২৫ মার্চ আড়াইহাজার উপজেলার নয়াগাঁও গ্রামের বারেক চৌধুরীর বাড়িতে হাঁস-মুরগি চুরির ঘটনা ঘটে। এই ঘটনায় ২৭ মার্চ ওই বাড়িতে সালিস বৈঠক হয়। গ্রামের ফজলুল মোল্লার ছেলে শামীম সালিসে শামীম ভূঁইয়া, জাকারিয়া ও মোসাদ্দেকের জড়িত থাকার বিষয়ে সাক্ষ্য দেন। ২৯ মার্চ রাতে শামীম নিখোঁজ হন। পরদিন সকালে বাড়ির পাশে শামীমের গলাকাটা লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় শামীমের বাবা কবির মোল্লা আড়াইহাজার থানায় হত্যা মামলা করেন। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে পুলিশ এই তিনজনকে গ্রেপ্তার করে রিমান্ডে নেয়। জিজ্ঞাসাবাদে তাঁরা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন।
শামীমের বাবা কবির মোল্লা, রায় দ্রুত বাস্তবায়নের দাবি জানান। আসামিপক্ষের আইনজীবী গৌতম চন্দ্র পাল জানান, রায়ে আসামিপক্ষ সন্তুষ্ট নয়। এ ব্যাপারে তাঁরা উচ্চ আদালতে আপিল করবেন।
মানিকগঞ্জের অতিরিক্ত জেলা জজ আদালতের বিচারক মো. মফিজুর রহমান ভূঞা গতকাল দুপুরে সদর উপজেলার গকুলনগর গ্রামের ইনু মিয়ার দুই ছেলে সন্তোষ মিয়া ও আফছার আলীকে মৃত্যুদণ্ডাদেশ দেন। পাশাপাশি তাঁদের ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, বিয়ের পর থেকে যৌতুকের জন্য গৃহবধূ মাজেদা বেগমকে তাঁর স্বামী সন্তোষ প্রায়ই শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। ২০০৭ সালের ১১ জুন রাতে স্বামী সন্তোষ ও দেবর আফছার তাঁকে পিটিয়ে হত্যা করেন। ঘটনার পরদিন মাজেদার ভাই মানিক মিয়া বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা করেন। সাক্ষ্য-প্রমাণ শেষে গতকাল বিচারক তাঁদের মৃত্যুদণ্ড ও অর্থদণ্ড দেন।
এক বছরের কারাদণ্ড: নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় স্ত্রীকে নির্যাতনের অপরাধে স্বামীকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার বিকেলে নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।