নারায়ণগঞ্জে তিনটি সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তিনটি স্থানে সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছেন। গতকাল বুধবার ও গত মঙ্গলবার এসব দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন অটোরিকশাচালক সাগর (২৫), মিন্টু (৪০), দেলোয়ার হোসেন (৩৫) ও আল-আমিন (১৮), মমিনুল ইসলাম (৪৮) ও মাইনউদ্দিন হাওলাদার (৫৫)।
সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ আলম খান বলেন, গতকাল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড় থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা ঢাকার দিকে যাচ্ছিল। ভোরে সাইনবোর্ড এলাকায় দ্রুতগামী একটি যান সিএনজিটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশাচালক সাগরসহ চারজন নিহত হন। পুলিশ অটোরিকশাটি উদ্ধার করেছে।
এদিকে মঙ্গলবার রাত ১২টার দিকে শিমরাইল এলাকায় একটি অজ্ঞাত যানের চাপায় পিষ্ট হয়ে মারা যান মমিনুল ইসলাম। গতকাল সকাল ১০টায় সানারপাড় এলাকায় রাস্তা পার হচ্ছিলেন মাইনউদ্দিন হাওলাদার। এ সময় একটি যাত্রীবাহী বাসের চাপায় তিনি নিহত হন।