নারায়ণগঞ্জের সদর উপজেলা থেকে নিখোঁজের নয় দিন পর ইমন হোসেন (১৪) নামে এক স্কুলছাত্রের নয় টুকরা লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে নারায়ণগঞ্জের ফতুল্লার চর রাধানগর এলাকা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মামুন (২৫) ও আয়েশা বেগম (৩৩) নামের দুজনকে আটক করে পুলিশে দিয়েছে এলাকার লোকজন।
ইমন উপজেলার কানাইনগর উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র ছিল। সে চর রাধানগর এলাকার ইসমাইল হোসেনের ছেলে। ১৩ জুন রাতে ইমন নিখোঁজ হয়।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার বক্তাবলী পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) নাজমুল আলম জানান, গতকাল বিকেলে চর রাধানগর এলাকায় একটি খেতে লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয় লোকজন। পরে পুলিশ গিয়ে নয় টুকরা লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ ১০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নাজমুল আলম জানান, একই এলাকার সিরাজ মিয়া ও আহাম্মদ আলীর সঙ্গে ইমনের পরিবারের বিরোধ ছিল। গতকাল লাশ উদ্ধারের পর থেকে তাঁরা আত্মগোপন করেছেন। ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জের ধরে তাঁরা এ ঘটনা ঘটিয়ে থাকতে পারেন। এ ঘটনায় এলাকার লোকজন সিরাজ মিয়ার ছেলে মামুন ও আমান উল্লাহর স্ত্রী আয়েশা বেগমকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।