নারায়ণগঞ্জে নির্বাচন কার্যালয়ে আগুনের ঘটনায় মামলা
নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাচন কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় মামলা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে উপজেলা নির্বাচন কর্মকর্তা তকদির আহমেদ বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলাটি দায়ের করেন।
মামলার এজাহারে তকদির আহমেদ উল্লেখ করেন, বুধবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে সদর উপজেলা পরিষদ কমপ্লেক্সে উপজেলা নির্বাচন কার্যালয়ের যে কক্ষে তিনি বসেন, তার পূর্ব ও উত্তর দিকের জানালার গ্লাস ভেঙে দুর্বৃত্তরা আগুন দেয়। এতে ওই কক্ষে থাকা একটি কম্পিউটার, দুটি ল্যাপটপ, একটি স্ক্যানার, দুটি মোটরসাইকেল, ২০০৮ সালের খসড়া ভোটার তালিকার বান্ডেল, প্রায় ৫০০ স্বচ্ছ ব্যালট বাক্সের কভারসহ কিছু অংশ এবং ১৯৯৫-৯৬ সালের বেশ কিছু অপ্রয়োজনীয় নথিপত্র পুড়ে যায়। আগুনে প্রায় চার লাখ ৪১ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও উল্লেখ করা হয়।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন জানান, মামলার পর বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে দেখা হচ্ছে।
এদিকে অগ্নিকাণ্ডের ঘটনাটি সাংবাদিকদের কাছে আড়াল করতে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন কার্যালয় থেকে বিভিন্ন ধরনের তথ্য দেওয়া হয়। একসময় বলা হয়, অগ্নিকাণ্ডে পুরোনো নথিপত্র পুড়ে গেছে। যেগুলো অনেক আগেই বিক্রি করে দেওয়ার কথা ছিল।