নারায়ণগঞ্জে নিহত নজরুলের পদে নির্বাচিত মনি
নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় নিহত প্যানেল মেয়র-২ নজরুল ইসলামের শূন্য হওয়া পদে মনিরুজ্জামান মনি নির্বাচিত হয়েছেন। তিনি নারায়ণগঞ্জ ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।
আজ বুধবার দুপুরে নগরভবনের সম্মেলনকক্ষে মেয়র ও কাউন্সিলরদের মাসিক সভায় এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
এই পদের অপর প্রতিদ্বন্দ্বী ছিলেন নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম। গত ২৩ আগস্ট স্বামীর পদে উপনির্বাচনের মধ্য দিয়ে তিনি ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হন।
আজ নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তফা কামাল মজুমদার বলেন, নির্বাচনে ৩৬ জন কাউন্সিলরের মধ্যে ৩৪ জন ভোট দিয়েছেন। এর মধ্যে ২৬ ভোট পেয়ে এই পদের জন্যে নির্বাচিত হয়েছেন মনিরুজ্জান মনি। আর সেলিনা ইসলাম পেয়েছেন মাত্র ৮ ভোট।
গত ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল, তাঁর বন্ধু মনিরুজ্জামান, তাজুল ইসলাম ও লিটন, গাড়িচালক জাহাঙ্গীর আলম এবং জ্যেষ্ঠ আইনজীবী চন্দন কুমার সরকার ও তাঁর গাড়িচালক ইব্রাহীম অপহৃত হন। ৩০ এপ্রিল শীতলক্ষ্যা নদী থেকে ছয়জনের এবং পরদিন একজনের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় পৃথক দুটি হত্যা মামলা হয়েছে। এখন পর্যন্ত র্যাবের তিন শীর্ষ কর্মকর্তাসহ মোট ২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সাতজনকে অপহরণ ও হত্যাকাণ্ডের বর্ণনা দিয়ে এর মধ্যে র্যাবের তিন শীর্ষ কর্মকর্তাসহ ১৩ জন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। ঘটনার সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন ১৪ জন।
সাত খুনের মামলার প্রধান আসামি ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নূর হোসেন ভারতের কারাগারে আটক ও তাঁর ভাতিজা ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শাহজালাল বাদল পলাতক।