নারায়ণগঞ্জে পরিবহন শ্রমিকদের মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবহনে চাঁদাবাজি বন্ধ, পরিবহনশ্রমিকদের পরিচয়পত্র ও নিয়োগপত্র প্রদান, রাজনৈতিক কর্মসূচির নামে সারা দেশে গাড়ি ভাঙচুর ও পরিবহনশ্রমিকদের মারধর করার প্রতিবাদে নারায়ণগঞ্জে মানববন্ধন করেছেন পরিবহনশ্রমিকেরা।
নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে গতকাল শনিবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আনোয়ার প্রধান। বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, কার্যকরী সভাপতি সেলিম মিয়া, কোষাধ্যক্ষ আবুল বাশার, আবদুস ছাত্তার, জহিরুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে দাবি জানানোর পরও পরিবহনশ্রমিকদের পরিচয়পত্র এবং নিয়োগপত্র এখনো পর্যন্ত মালিকপক্ষ দেয়নি। পরিবহনশ্রমিকেরা ঝড়বৃষ্টি উপেক্ষা করে নানা প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করে যাত্রীসেবা দিয়ে যাচ্ছেন। কিন্তু রাজনৈতিক কর্মসূচির নামে গাড়ি ভাঙচুর করার পাশাপাশি আগুনে পুড়িয়ে শ্রমিকদের হত্যা করা হচ্ছে। ভবিষ্যতে এভাবে আর যদি কোনো শ্রমিকের মৃত্যু হয়, তবে সারা দেশের ৭০ লাখ পরিবহনশ্রমিক প্রতিরোধ গড়ে তুলবেন। বক্তারা শ্রমিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। মানববন্ধন শেষে একটি মিছিল শহর প্রদক্ষিণ করে।