নারায়ণগঞ্জে পুলিশের ওপর শিবিরের হামলা এসআইসহ আহত ৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোলাম আযমের মামলার রায়কে কেন্দ্র করে গতকাল মঙ্গলবার জামায়াতের ডাকা দ্বিতীয় দিনের হরতাল এবং রায় প্রত্যাখ্যান করে গণজাগরণ মঞ্চের সকাল-সন্ধ্যা হরতালে সদর উপজেলার ফতুল্লায় পুলিশের ওপর হামলা চালিয়েছেন জামায়াত-শিবিরের কর্মীরা। পুলিশকে মারধর করে তাদের অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা করেন তাঁরা।
হামলায় পুলিশের উপপরিদর্শকসহ (এসআই) সাত কনস্টেবল আহত হন। এ সময় জামায়াত-শিবিরের কর্মীরা দুটি ট্যাংকলরি ও একটি ট্রাকে আগুন দেন এবং ১০-১২টি যানবাহন ভাঙচুর করেন। ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে জামায়াত-শিবিরের আটজনকে আটক করেছে পুলিশ।
এদিকে সকাল আটটায় সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের মাহমুদপুর এলাকায় একটি বাসে আগুন দেন শিবিরের কর্মীরা। তাঁরা পাঁচ-ছয়টি যানবাহন ভাঙচুর করেন।
ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম জানান, জামায়াত-শিবিরের কর্মীরা ফতুল্লায় দুটি ভাগে বিভক্ত হয়ে একটি পক্ষ পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়, অন্য পক্ষ যানবাহনে আগুন দেয়।
জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতরা জিজ্ঞাসাবাদে যানবাহনে আগুন দেওয়া ও ভাঙচুরের কথা স্বীকার করেছেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।