নারায়ণগঞ্জে প্রকৌশলীকে মারধর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ শহরের কিল্লারপুল এলাকায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) অধীন ড্রেজার পরিদপ্তরের এক প্রকৌশলীকে গত মঙ্গলবার নাসিম ওসমানের ক্যাডাররা মারধর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি জানাজানির পর গতকাল বুধবার বিকেলে প্রকৌশলীরা প্রতিবাদ সভা করে দায়ী ব্যক্তিদের বিচারের দাবি করেন।
নাসিম ওসমানের ক্যাডারদের হামলার শিকার ওই প্রকৌশলী হলেন ড্রেজার পরিদপ্তরের মেরামত ও উৎপাদন (আরএমপি-২) শাখার উপবিভাগীয় প্রকৌশলী পঙ্কজ কান্তি ধর। ড্রেজার পরিদপ্তরের তালিকাভুক্ত ঠিকাদার মেসার্স সম্রাট ট্রেডিংয়ের মালিক জাতীয় পার্টির শহর শাখার আহ্বায়ক কমিটির সদস্য আবদুল কাদির ও মেসার্স নওশীন এন্টারপ্রাইজের মালিক কুতুবউদ্দিন আহমেদ তাঁকে লাঞ্ছিত করেন বলে অভিযোগ উঠেছে। দুজনই মহানগর জাতীয় পার্টির নেতা এবং স্থানীয় সাংসদ নাসিম ওসমানের ঘনিষ্ঠ হিসেবে শহরে পরিচিত।
পঙ্কজ সাংবাদিকদের বলেন, মঙ্গলবার বেলা একটার দিকে আবদুল কাদির ও কুতুবউদ্দিন তাঁর অফিস কক্ষে ঢোকেন। তাঁরা দুই নারী শ্রমিককে মেরামত ও উৎপাদন বিভাগ-২-এ নিয়োগ দিতে তাঁকে চাপ দেন। একপর্যায়ে তাঁরা ওই কক্ষে বসে থাকা বিভাগীয় দপ্তরের উচ্চমান সহকারী শাহজাহানের সঙ্গে দুর্ব্যবহার করেন ও তাঁকে শারীরিকভাবে লাঞ্ছিত করে কক্ষ থেকে বের করে দেন। পরে প্রাক্কলনিক সমর কুমার পালের কক্ষে ঢুকে তাঁর সঙ্গেও দুর্ব্যবহার করেন ওই দুজন।
পঙ্কজ কান্তি অভিযোগ করেন, ‘অফিসে কর্মকর্তাদের সঙ্গে এভাবে দুর্ব্যবহারের আমি প্রতিবাদ জানাই। এ সময় তাঁরা আমার দিকে তেড়ে আসেন এবং আমাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন।’
কুতুবউদ্দিন দাবি করেন, ‘এখন খননের কাজ ঠিকাদারেরা করতে পারেন না। সব কাজ করেন প্রকৌশলীরা। আমরা কিছু কমিশন পাই। এসব কারণে অনেক প্রকৌশলী ড্রেজার থেকে ২৫-৩০ বছর ধরে আর নড়ছেন না। এ নিয়ে আমার সঙ্গে কয়েকজন প্রকৌশলীর বাগিবতণ্ডা হয়। পরে আবার বিষয়টি মীমাংসা হয়ে গেছে।’