নারায়ণগঞ্জে বস্ত্র কারখানা রক্ষার দাবিতে বিক্ষোভ
অবৈধভাবে মালিকানা হস্তান্তরের ষড়যন্ত্র ও নিরীহ শেয়ারহোল্ডারদের কারখানা কলোনি থেকে উচ্ছেদের অভিযোগ এনে নারায়ণগঞ্জ জেলা প্রশাসককে গতকাল বৃহস্পতিবার স্মারকলিপি দিয়েছে নিউ লক্ষ্মীনারায়ণ কটন মিলস শেয়ারহোল্ডার স্বার্থরক্ষা সংগ্রাম কমিটি। এর আগে কমিটি বহিরাগত সন্ত্রাসীদের হুমকি ও নির্যাতন বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বেলা ১১টার দিকে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া শহীদ মিনার থেকে মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি দেওয়া হয়। এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সংগ্রাম পরিষদের আহ্বায়ক মোহাম্মদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে সংহতি জানিয়ে বক্তৃতা করেন বাসদ জেলা শাখার সমন্বয়ক নিখিল দাস, আবু নাঈম খান, জেলা সিপিবি নেতা দুলাল সাহা, রবীন্দ্র দাস, শেয়ারহোল্ডার ওমর ফারুক, রেহানা আক্তার, আবদুর রউফ, কামাল উদ্দিন, বিদ্যুৎ সরকার প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, ২০০০ সালের ১০ ফেব্রুয়ারি বস্ত্র মন্ত্রণালয় লক্ষ্মীনারায়ণ কটন মিলকে শেয়ারহোল্ডারদের কাছে হস্তান্তর করে। ৫১০ জন শেয়ারহোল্ডারকে ৬৮৬টি শেয়ার দেওয়া হয়। কিন্তু শেয়ারহোল্ডাররা এর কোনো সুবিধা পাননি। ২০০১ সাল থেকে বিনা নির্বাচনে কারখানার পরিচালনা পর্ষদের চেয়ারম্যানের পদ দখল করে আছেন সামছুদ্দিন প্রধান। তাঁর নেতৃত্বে কারখানার পরিচালনা পর্ষদ গুদামের মালামাল আত্মসাৎ করছে। তারা কারখানার পুরোনো যন্ত্রপাতিসহ বিভিন্ন অস্থাবর সম্পত্তি বিক্রি করে লাখ লাখ টাকা লুটপাট করেছে।
বক্তারা অভিযোগ করেন, পরিচালনা পর্ষদ প্রায় ৭০০ কোটি টাকার এই কারখানাটি ৩৫ কোটি টাকায় স্থানীয় সাংসদ নাসিম ওসমানের সহায়তায় ভূমিদস্যু নিট কনসার্ন গার্মেন্টসের মালিক জয়নাল আবেদীন মোল্লার কাছে হস্তান্তরের ষড়যন্ত্র করছে। ওই পরিকল্পনার অংশ হিসেবে শেয়ারহোল্ডারদের সামান্য কিছু টাকা দিয়ে জোর করে স্বাক্ষর নিতে থাকে। স্বাক্ষর দিতে অস্বীকার করলে শেয়ারহোল্ডারদের ওপর হুমকি ও নির্যাতন শুরু হয়। ১৫ আগস্ট নিট কনসার্নের মালিকের ছোট ভাই মনির হোসেনের নেতৃত্বে বহিরাগত সন্ত্রাসীরা কারখানা কলোনিতে গুলি চালায়। কলোনিবাসীদের উচ্ছেদ করতে পরিচালনা পর্ষদ ও নিট কনসার্নের মালিক এখন নানা হুমকি দিচ্ছেন।
বক্তারা এ ঘটনায় প্রধানমন্ত্রীর হস্তপেক্ষ কামনা করেন।