নারায়ণগঞ্জে ব্যবসায়ী হত্যায় দুজনের মৃত্যুদণ্ড
নারায়ণগঞ্জে ব্যবসায়ী নজরুল ইসলাম হত্যা মামলার রায়ে দুজনকে মৃত্যুদণ্ড এবং একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে নারায়ণগঞ্জ ১ নম্বর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মামুনুর রশিদ এ রায় দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রানা ও মুসলেহউদ্দিনকে আড়াই লাখ টাকা করে জরিমানা করেছেন আদালত। আর যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি আমির হোসেনকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা নিহত নজরুলের পরিবারকে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
রায় ঘোষণার সময় জামিনে থাকা এই তিন আসামিই অনুপস্থিত ছিলেন বলে জানিয়েছেন অতিরিক্ত সরকারি কৌঁসুলি মো. আব্দুর রহিম।
মামলার নথি থেকে জানা গেছে, বন্দর উপজেলার কলাগাছিয়া এলাকার প্রবাসফেরত নজরুল ইসলাম স্থানীয় রানা ও মুসলেহউদ্দিনের সঙ্গে থান কাপড়ের ব্যবসা শুরু করেন। এক সময় নজরুল তাঁর ব্যবসায়িক অংশীদার রানাকে এক লাখ টাকা ধার দেন। কিন্তু রানা দীর্ঘদিন ধরে সেই টাকা ফেরত না দিয়ে নজরুলকে হয়রানি করেন। ২০১১ সালের ২২ অক্টোবর সন্ধ্যায় টাকা ফেরত দেওয়ার কথা বলে রানা ও মুসলেহউদ্দিন পূর্বপরিকল্পনা অনুযায়ী নজরুলকে ডেকে নিয়ে শীতলক্ষ্যা নদীতে নৌকায় তোলেন। নৌকার মাঝি আমির হোসেনের সহায়তায় তাঁরা নজরুলকে হাত-পা বেঁধে শ্বাসরোধ করে হত্যা করে লাশ নদীতে ফেলে দেন। পরে বন্দর থানার পুলিশ নদী থেকে তাঁর লাশ উদ্ধার করে। এ ঘটনায় নিহত নজরুলের বড় ভাই নাজমুল হক বাদী হয়ে ওই তিনজনকে আসামি করে বন্দর থানায় হত্যা মামলা করেন।
তিন আসামিই হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এই মামলায় মোট ১৯ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অতিরিক্ত সরকারি কৌঁসুলি মো. আব্দুর রহিম ও আসামিপক্ষে ছিলেন ফজলুর রহমান লিটন।
নিহত নজরুলের বড় ভাই ও মামলার বাদী নাজমুল হক ও ছোট ভাই জুম্মান রায়ে সন্তোষ প্রকাশ করে আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।