নারায়ণগঞ্জে ব্যবসায়ীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ
নারায়ণগঞ্জ সদর উপজেলায় তারেক খান ওরফে টুটুল (৩৫) নামের এক ব্যবসায়ীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। আজ শনিবার সকালে ফতুল্লার দাপা ব্যাংক কলোনি এলাকার বাড়ি থেকে ওই ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়।
নিহত টুটুলের বাড়ি টাঙ্গাইল জেলার নাগরপুর এলাকায়। তিনি ফতুল্লা দাপা ব্যাংক কলোনি এলাকার হাবিবুর রহমানের বাড়িতে ভাড়া থাকতেন।
বাড়িওয়ালা হাবিবুর রহমান সাংবাদিকদের জানান, সকালে সাড়ে আটটার দিকে তাঁর কলোনি এলাকার পাশের ভবনের এক ভাড়াটে তাঁকে জানান, তাঁর (হাবিবুর) বাড়ির নিচতলায় একজনের নিথর দেহ পড়ে আছে। তিনি গিয়ে দেখতে পান তাঁর নিচতলা ফ্ল্যাটের ভাড়াটিয়া টুটুলের লাশ পড়ে আছে। পরে তিনি খবর দিলে ফতুল্লা মডেল থানার পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
হাবিবুর বলেন, তারেক নিচতলার তিনটি ফ্ল্যাটের একটি ভাড়া নিয়ে একা থাকতেন। তাঁর (তারেক) পরিবারের অন্য সদস্যরা ঢাকায় হাতিরপুলে বসবাস করেন বলে তিনি জানান।
এদিকে ঘটনার খবর ঘটনাস্থল থেকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সদস্যরা অতিরিক্ত পুলিশ সুপার আবদুল হাইয়ের নেতৃত্বে বিভিন্ন আলামত সংগ্রহ করেছেন।
ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) এম এ জিন্নাহ বলেন, নিহত ব্যক্তির দুই চোখ বেয়ে রক্ত এবং মুখ দিয়ে ফেনা গড়িয়ে পড়ছিল। দুই হাতের কবজি ও পিঠে আঘাতের চিহ্ন আছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিষয়টি নিশ্চিত করা যাবে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে। নিহত ব্যক্তির পরিবারকে খবর দেওয়া হয়েছে।