নারায়ণগঞ্জে ব্যবসায়ীর ১২ লাখ টাকা ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলায় জ্বালানি তেল ব্যবসায়ীর সাড়ে ১২ লাখ টাকা ছিনতাই হয়েছে। গতকাল রোববার বেলা একটায় ফতুল্লা মডেল থানা-সংলগ্ন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
ছিনতাইয়ের শিকার ব্যবসায়ী সিফাত আলম মোক্তার সাংবাদিকদের জানান, গতকাল বেলা একটার দিকে তিনি ও তাঁর গাড়িচালক জুলহাস মিয়া একটি বাজারের ব্যাগের ভেতরে ১২ লাখ ৩৫ হাজার টাকা নিয়ে সদর উপজেলার ফতুল্লার বাজার এলাকায় অবস্থিত একটি বেসরকারি ব্যাংকে জমা দেওয়ার জন্য যান। ব্যাংকের সামনে পৌঁছামাত্র চারটি মোটরসাইকেলযোগে আট দুর্বৃত্ত এসে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্য পরিচয় দিয়ে চারদিক থেকে তাঁকে ঘিরে ফেলে এবং তাঁর হাতে থাকা টাকার ব্যাগটি ছিনিয়ে নেয়। এ সময় গাড়ির চালক জুলহাস বাধা দিলে দুর্বৃত্তরা হাতে থাকা অস্ত্রের বাঁট দিয়ে তাঁকে আঘাত করে। এরপর ছিনতাইকারীরা ফতুল্লার লালপুর এলাকার ভেতর দিয়ে পালিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ওসি আক্তার হোসেন বলেন, থানায় মামলার প্রস্তুতি চলছে। ছিনতাইকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে।