নারায়ণগঞ্জে ভাঙচুর-আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের ফতুল্লায় আজ মঙ্গলবার হরতালে যাত্রীবাহী বাস ও পিকআপভ্যান ভাঙচুরের পর তাতে আগুন ধরিয়ে দিয়েছেন জামায়াত-শিবিরের কর্মীরা। ঢাকা-নারায়ণগঞ্জের পাগলা পুরাতন সড়কের পোস্ট অফিস এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় আরও কয়েকটি যানবাহন ভাঙচুর করেন তাঁরা।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার ফতুল্লা পোস্ট অফিস এলাকায় হরতালের সমর্থনে ঝটিকা মিছিল বের করেন জামায়াত-শিবিরের কর্মীরা। এ সময় তাঁরা আনন্দ পরিবহনের একটি বাস ও একটি পিকআপভ্যান ভাঙচুরের পর তাতে আগুন ধরিয়ে দেন। একই সময় আরও চার থেকে পাঁচটি বাস ভাঙচুর করেন তাঁরা। খবর পেয়ে নারায়ণগঞ্জের ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।

এ ছাড়া হরতালে শহরের কোথাও অপ্রীতিকর কোনো ঘটনার খবর পাওয়া যায়নি। ভোর থেকে শহরের প্রায় সবগুলো পয়েন্টে প্রচুরসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকলেও স্থানীয় পরিবহনগুলো চলাচল করতে দেখা গেছে। শহরের বেশির ভাগ দোকানপাট খোলা ছিল।

ফতুল্ল­া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন প্রথম আলো ডটকমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।