নারায়ণগঞ্জে যুবককে পিটিয়ে হত্যা?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলায় এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার ফতুল্লার পাগলা তালতলা বাজার এলাকা থেকে অসিউর রহমান ওরফে অপু (৩২) নামের ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।
অসিউর রহমান ফতুল্লার পাগলা জেলেপাড়া এলাকার মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের ছেলে।
মকবুল হোসেন সাংবাদিকদের বলেন, অসিউর মাদকাসক্ত ছিলেন। এ জন্য তাঁকে প্রায়ই ঘরে আটকে রাখা হতো। শুক্রবার রাত ১০টার দিকে লোহার মার্কেটের ২০-২৫ জন লোক অসিউরকে বাড়িতে খুঁজতে আসে। ওই ব্যক্তিরা অভিযোগ করে, অসিউর মার্কেট থেকে কিছু রড চুরি করেছে।
মকবুল হোসেন বলেন, মার্কেট থেকে আসা ব্যক্তিরা অসিউরকে পিটিয়ে হত্যা করা হবে হুমকি দেয়। তিনি জানান, গতকাল সকাল সাতটার দিকে এক ব্যক্তি তাঁকে ফোন করে জানায়, তাঁর ছেলেকে পাগলা তালতলা বাজারে শিকল দিয়ে বেঁধে বেধড়ক পিটুনি দিচ্ছে কিছু লোক। পরে পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে দেখেন, অসিউর মারা গেছেন।
মকবুল হোসেনের অভিযোগ, তাঁর ছেলেকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম জানান, নিহত যুবকের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তাঁকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
পুলিশ জানায়, এ ঘটনায় নিহত যুবকের বাবা হত্যা মামলা করেছেন।