নারায়ণগঞ্জে শিবির নেতাসহ দুজনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের ফতুল্লার কাশিপুর এলাকায় যাত্রীবাহী বাসে পেট্রোলবোমা ছুড়ে আগুন দেওয়ার সময় হাতেনাতে আটক শিবিরের নেতা শিহাব উদ্দিন ওরফে শিহাব ও আবু সাঈদ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

আজ বুধবার বিকেলে নারায়ণগঞ্জ জ্যেষ্ঠ বিচারিক হাকিম ইশতিয়াক আহম্মেদের আদালতে এ দুজন জবানবন্দি দেন বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকারিয়া। আরেক আসামি মাহমুদ অসুস্থ থাকায় তার রিমান্ড শুনানি হয়নি।

আদালত সূত্রে জানা গেছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা ২০–দলীয় জোটের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তাঁরা অবরোধে নাশকতা ও আতঙ্ক সৃষ্টির লক্ষ্যে যানবাহনে পেট্রলবোমা ছোড়ে ও গান পাউডার দিয়ে আগুন দেন। স্বীকারোক্তিতে তাঁরা জানান, শীর্ষ রাজনৈতিক নেতৃত্বের নির্দেশে তাঁরা এই কাজ করেছেন। জবানবন্দিতে তাঁরা এ–সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানিয়েছেন।

গত শনিবার ফতুল্লার ঢাকা-নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ সড়কের যাত্রীবাহী একটি বাসে পেট্রলবোমা ছুড়ে আগুন দেওয়ার সময় ফতুল্লা থানা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক শিহাব এবং শিবিরের কর্মী আবু সাঈদ ও মাহমুদকে আটকের পর পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে স্থানীয় জনতা। তাঁদের কাছ থেকে পাঁচটি বোমা ও গান পাউডার উদ্ধার করা হয়েছে। পরে তাঁদের গুরুতর অবস্থায় নগরের খানপুরে অবস্থিত নারায়ণগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে পুলিশ শিহাব ও আবু সাঈদকে দুই দিনের রিমান্ডে নেয়।