নারায়ণগঞ্জে শিশু ইমন হত্যা মামলায় যুবকের মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার শিশু ইমন হত্যা মামলায় মোহাম্মদ আলী ওরফে বাবু নামের এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ২০১ ধারায় তাঁকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে বাবু বর্তমানে পলাতক।

আজ বুধবার দুপুরে নারায়ণগঞ্জের ২ নম্বর অতিরিক্ত দায়রা জজ মিয়াজী সহিদুল আলম চৌধুরী এই মামলার রায় দেন বলে জানান অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) কে এম ফজলুর রহমান।

ফজলুর রহমান জানান, ২০০৭ সালের ১২ ডিসেম্বর শহরের দেওভোগ এলাকার ইসমাইল হোসেনের আট বছরের ছেলে ইমন বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়। পর দিন বিকেলে মুসলিমনগর কসাই বাড়ির মাঠ থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় ইমনের মা খাদিজা বেগম বাদী হয়ে মামলা করেন। পরে আসামি মোহাম্মদ আলী বাবু ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে উল্লেখ করেন, সুমনা নামের এক মেয়ের সঙ্গে নিহত ইমনের বড় ভাই সুমনের প্রেমের সম্পর্ক ছিল। ওই মেয়েকে বাবুও পছন্দ করতো। এ নিয়ে তাঁদের মধ্যে বিরোধের জের ধরে প্রতিশোধ নিতে ইমনকে শ্বাসরোধে করে হত্যা করে। ১০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এই রায় দেন।