নারায়ণগঞ্জে শিশু হত্যায় তিনজনকে মৃত্যুদণ্ড
নারায়ণগঞ্জের ফতুল্লায় সাড়ে চার বছরের শিশু জিহাদ হত্যা মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড ও দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
একই সঙ্গে আদালত যাবজ্জীবন দণ্ড পাওয়া দুই আসামিকে ৫০ হাজার টাকা করে জরিমানা করেন এবং ওই টাকা নিহত শিশুর পরিবারকে দেওয়ার নির্দেশ দিয়েছেন।
আজ সোমবার দুপুরে নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ মালিক আবদুল্লাহ আল আমিন এই রায় দেন। আর অভিযোগ প্রমাণিত না হওয়ায় মো. সাকিল নামের একজনকে খালাস দেওয়া হয়েছে।
মৃতুদ্যণ্ড পাওয়া আসামিরা হলেন মো. সাদেক, ওয়াসিম ও মো. আবদুস সালাম শিকদার। যাবজ্জীবন দণ্ড পাওয়া আসামিরা হলেন মো. স্বপন ও মোসাম্মৎ লাকী আক্তার। দণ্ড পাওয়া আসামিদের মধ্যে ওয়াসিম, আবদুস সালাম শিকদার ও লাকী আক্তার পলাতক।
মামলার বিবরণীর তথ্য উল্লেখ করে সরকারি কৌঁসুলি মো. আসাদুজ্জামান বলেন, ২০১১ সালের ২৬ জুন সন্ধ্যায় নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম ধর্মগঞ্জ চতলার মাঠ এলাকার বাড়ি থেকে সাড়ে চার বছরের শিশু জিহাদকে অপহরণ করা হয়। ওই দিনই রাত সাড়ে আটটায় মোবাইল ফোন থেকে জিহাদের মায়ের কাছে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করে আসামিরা। এর দুদিন পর ২৮ জুন তাঁকে চাষাঢ়া শহীদ মিনারে থাকতে বলে অপহরণকারীরা। অপহরণকারীদের কথামতো জিহাদের মা শহীদ মিনারে ওত পেতে থাকা র্যাবের সদস্যরা ওয়াসিম, সালাম ও সাদেককে আটক করেন।
পরে তাঁদের জিজ্ঞাসাবাদে জানা যায়, অপহরণকারীদের চিনে ফেলায় ২৭ জুন সন্ধ্যায় শিশু জিহাদকে ঘুমন্ত অবস্থায় কাঁচপুর ব্রিজের ওপর থেকে শীতলক্ষ্যা নদীতে ফেলে দিয়ে হত্যা করে আসামিরা।
এ ঘটনায় নিহত জিহাদের মা মাসুমা আক্তার বাদী হয়ে সাতজনকে আসামি করে ফতুল্লা মডেল থানায় অপহরণ ও হত্যা মামলা দায়ের করেন। এই মামলায় মোট ২২ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়।
নিহত জিহাদের বাবা আক্তার হোসেন রায়ে সন্তোষ প্রকাশ করলেও আসামি সাকিলকে খালাস দেয়ায় তিনি ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
আসামীপক্ষের আইনজীবী দেওয়ান শাহাজাদা বলেন, ‘আমরা ন্যায়বিচার পাইনি। আমরা উচ্চ আদালতে আপিল করব।’