আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে গত বৃহস্পতিবার নারায়ণগঞ্জে শোভাযাত্রা ও আলোচনা সভা হয়েছে। জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয়, বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠান নারায়ণগঞ্জ জেলা শাখা, প্রবীণকল্যাণ সংঘের উদ্যোগে এসব কর্মসূচি পালন করা হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে শোভাযাত্রা শেষে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভা হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোখলেছুর রহমান। প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার মন্ত্রণালয় নারায়ণগঞ্জ কার্যালয়ের উপপরিচালক ইশরাত হোসেন খান ও বিশেষ অতিথি ছিলেন জেলা সিভিল সার্জন আশুতোষ দাস। বক্তব্য দেন বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠান নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মোজাম্মেল হক তালুকদার, প্রবীণ সংঘের সাধারণ সম্পাদক এনামুল হক প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা প্রবীণদের কল্যাণে বিভিন্ন সুযোগ-সুবিধা বাড়ানোর পাশাপাশি সরকারিভাবে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার দাবি জানান।
আলোচনা শেষে বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান নারায়ণগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে শাশুড়িকে সেবা-যত্ন করার স্বীকৃতিস্বরূপ শহরের উত্তর চাষাঢ়া এলাকার নীলা হাসানকে ‘মমতাময়ী’ পুরস্কার দেওয়া হয়।
এ ছাড়া মাকে সেবা-যত্ন করার স্বীকৃতিস্বরূপ নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার দক্ষিণ সস্তাপুর এলাকার বাসিন্দা কাজী আলী ফয়সল হোসাইনকে ‘মমতাময়’ পুরস্কার দেওয়া হয়।