নারায়ণগঞ্জে সংঘর্ষ: বিজিবির আহত সদস্যের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন অংশে গতকাল সোমবারের সহিংসতার ঘটনায় বিজিবির আহত ওই সদস্যের মৃত্যু হয়েছে। জওয়ান লাভলু আজ মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে চিকিত্সাধীন অবস্থায় মারা যান।

এ নিয়ে ওই সংঘর্ষে বিজিবির দুই ও পুলিশের দুই সদস্যসহ ২১ জন নিহত হলেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) গাজী মোজাম্মেল হক প্রথম আলো ডটকমকে লাভলুর মৃত্যুর ঘটনাটি নিশ্চিত করেছেন।

রাজধানীতে ধ্বংসযজ্ঞ চালানোর পরদিন গতকাল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশের বিভিন্ন এলাকায় তাণ্ডব চালায় হেফাজতে ইসলাম। তারা গাছ ফেলে সড়ক অবরোধ করে এবং হাইওয়ে পুলিশের ফাঁড়িসহ বিভিন্ন স্থাপনা ও সড়কে আগুন দেয়।

গতকাল ভোর থেকে দুপুর পর্যন্ত নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জ, সাইনবোর্ড থেকে সানারপাড়-শিমরাইল হয়ে সোনারগাঁ উপজেলার কাঁচপুর পর্যন্ত পাঁচ কিলোমিটার এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে। ফলে বেলা তিনটা পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।