নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রাইভেটকারের চাপায় সানজিদা আক্তার (৯) নামের এক শিশু নিহত হয়েছে। গতকাল শনিবার সকাল নয়টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ভোলানাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় স্থানীয় লোকজন প্রায় এক ঘণ্টা কুড়িল-বিশ্বরোড অবরোধ করে রাখে। নিহত সানজিদা একই এলাকার সালাউদ্দিন মিয়ার মেয়ে।
এদিকে আড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় আহত ফেরদৌসী রহমান (৩৫) শুক্রবার গভীর রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর আগে একই সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই চিকিৎসক নুরুজ্জামান খোকনের (৪০) মৃত্যু হয়। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ওই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা সম্পর্কে ভাই-বোন।
শ্রীপুরে নিহত ২: গাজীপুর প্রতিনিধি জানান, শ্রীপুর উপজেলার এমসি বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় এক আনসার সদস্যসহ দুজন মারা গেছেন। নিহত ব্যক্তিদের মধ্যে আনসার সদস্য আমিনুল ইসলাম (৪৫)। অপরজন হলেন স্থানীয় এক পাওয়ার স্টেশনের প্রকৌশলী রাসেল পারভেজের স্ত্রী শাম্মী আক্তার চুমকি (২১)।