নারায়ণগঞ্জে সন্ত্রাসী হামলায় আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকায় অবস্থিত নিউ লক্ষ্মীনারায়ণ কটন মিলের অংশীদারদের ওপর হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এতে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে গোদনাইল এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানায়, বেলা ১১টার দিকে ব্রিটিশ আমলে নির্মিত নিউ লক্ষ্মীনারায়ণ কটন মিলের প্রধান ফটকে কারখানার সীমানার ভেতর বসবাসকারী অংশীদারদের বসত থেকে উচ্ছেদ করা যাবে না মর্মে হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশের নোটিশ-সংবলিত সাইনবোর্ড টাঙাতে যায় অংশীদারদের একটি অংশ।
এ সময় কারখানার অধিকাংশ শেয়ার কিনে নেওয়া নিট কনসার্ন শিল্পপ্রতিষ্ঠানের মালিকপক্ষের সন্ত্রাসীরা তাদের সাইনবোর্ড টাঙাতে বাধা দেয়। এ নিয়ে বাগিবতণ্ডার একপর্যায়ে সন্ত্রাসীরা অংশীদারদের ওপর হামলা চালায়। এতে অংশীদারদের স্বার্থ রক্ষা সংগ্রাম কমিটির আহ্বায়ক মো. হোসেন ও তাঁর ছেলে মো. খোকনসহ ১০ জন আহত হন।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিন বলেন, অংশীদারদের একটি অংশ হাইকোর্টের স্থগিতাদেশের একটি নোটিশ এনেছে। ওই নোটিশ টাঙাতে গেলে বহিরাগত সন্ত্রাসীরা এ হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।