নারায়ণগঞ্জে হত্যা মামলায় ৬ জনের মৃত্যুদণ্ড
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ব্যবসায়ী মনির হোসেন হত্যা মামলায় ছয়জনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার দুপুরে নারায়ণগঞ্জের ২ নম্বর অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মিয়াজী শহীদুল ইসলাম চৌধুরী এই রায় দেন।
মৃত্যুদণ্ড পাওয়া আসামিরা হলেন সোলেমান, রিপন, জাহাঙ্গীর, আক্কাছ, অহিদ ওরফে রনি ও আক্তার হোসেন।
মামলার বিবরণীতে জানা যায়, ২০০৮ সালের ২৫ জুলাই রাত সাড়ে ১২টার দিকে রূপগঞ্জের ভুলতা গাউছিয়া এলাকা থেকে ব্যবসায়ী মনির হোসেন রিকশায় করে বাড়ি ফিরছিলেন। এ সময় হুরগাঁও ভোলাইখালী সড়কে অজ্ঞাতনামা সাত-আটজন ডাকাত তাঁর রিকশার গতিরোধ করে। তাঁকে রিকশা থেকে নামিয়ে মারধর করে সঙ্গে থাকা মুঠোফোন ও এক হাজার ৩০০ টাকা ছিনিয়ে নেয়। মনির হোসেন ডাকাতদের চিনে ফেলায় তারা মনিরকে বলে, ‘তুই আওয়ামী লীগ করিস, তুই র্যাব দিয়ে আমাদের দলকে ধরিয়ে দিয়েছিস, তোকে বাঁচিয়ে রাখা যাবে না। তোকে মেরে ফেলব।’
পরে ডাকাতেরা রাত সাড়ে তিনটার দিকে মনিরের হাত, পা ও চোখ বেঁধে পানিতে ফেলে হত্যা করে। পরদিন ভোরে আশপাশের লোকজন মনির হোসেনের লাশ উদ্ধার করে।
মামলায় ১১ জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন সরকারি অতিরিক্ত কৌঁসুলি কে এম ফজলুর রহমান। আসামিপক্ষে ছিলেন আইনজীবী সালাউদ্দিন সবুজ ও দেলোয়ার হোসেন।