নারায়ণগঞ্জের অপহৃত ব্যবসায়ী কক্সবাজারে উদ্ধার
মুক্তিপণের জন্য নারায়ণগঞ্জ থেকে অপহৃত ব্যবসায়ী এইচ এম মাসুদকে পুলিশ গত মঙ্গলবার রাতে কক্সবাজার থেকে উদ্ধার করেছে।
মাসুদ নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলার ধর্মগঞ্জ গ্রামের হাজি আবদুল হালিমের ছেলে। তিনি স্থানীয় মিনারেল ওয়াটার উৎপাদন ও বিপণন প্রতিষ্ঠান এনএম ফুড অ্যান্ড বেভারেজের ব্যবস্থাপনা পরিচালক।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহম্মেদ প্রথম আলোকে বলেন, মুক্তিপণের জন্যই এই ব্যবসায়ীকে ২ নভেম্বর নারায়ণগঞ্জ থেকে অপহরণ করা হয়েছিল। গতকাল বুধবার দুপুরে তাঁকে বিমানে ঢাকায় পাঠানো হয়েছে।
এর আগে কক্সবাজার সদর মডেল থানায় আহত ব্যবসায়ী এইচ এম মাসুদ (৩৪) জানান, ২ নভেম্বর বেলা তিনটার দিকে তিনি বাড়ি থেকে বেরিয়ে ফতুল্লার শিবু মার্কেটে যান মালামাল বিক্রির টাকা সংগ্রহ করতে। এ সময় চার-পাঁচজন যুবক মুখে রুমাল দিয়ে চেপে ধরে তাঁকে একটি মাইক্রোবাসে ওঠান। এরপর তিনি জ্ঞান হারিয়ে ফেলেন।