নারায়ণগঞ্জের উপনির্বাচনে প্রার্থী হতে চান আকরাম

নারায়ণগঞ্জ-৫ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন এস এম আকরাম। তিনি নাগরিক ঐক্যের উপদেষ্টা, সাবেক সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক। আজ রোববার দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এস এম আকরাম এ ঘোষণা দেন।
এস এম আকরাম বলেন, ‘গত সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ থেকে পদত্যাগের পর নারায়ণগঞ্জের সক্রিয় রাজনীতি থেকে দূরে ছিলাম। তবে নারায়ণগঞ্জের মানুষের সঙ্গে আমার সার্বক্ষণিক যোগাযোগ ছিল।
অরাজনৈতিক সংগঠন নাগরিক ঐক্যের উপদেষ্টা হিসেবে কাজ করেছি।’ তিনি আরও বলেন, ‘নেতা-কর্মীদের অনুরোধে আমি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। নারায়ণগঞ্জের রাজনীতিতে আমার গ্রহণযোগ্যতা রয়েছে এবং এলাকার জনগণ আমাকে চায়। আমি এমপি থাকাকালে কোনো অন্যায় করিনি। কারও সম্পদ দখল করিনি। তাই ২৬ জুন অনুষ্ঠিত নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হলেও আওয়ামী লীগ, বিএনপিসহ অন্য সমর্থকেরাও আমাকে বিপুল ভোটে জয়ী করবেন বলে আশা করছি।’
মহাজোটের অস্তিত্ব নেই উল্লেখ করে এস এম আকরাম বলেন, জাতীয় পার্টি এখন বিরোধী দলে। তাই এই নির্বাচনে আওয়ামী লীগ কোনো প্রার্থী না দিলেও আওয়ামী লীগের নেতা-কর্মী-সমর্থকদের ভোট তিনিই পাবেন। তাঁরা (আওয়ামী লীগ নেতা-কর্মী) যোগাযোগ রাখছেন বলে এস এম আকরাম দাবি করেন। তিনি আরও বলেন, ‘এই নির্বাচনে বিএনপি অংশ না নিলে বিএনপির ভোট তো আওয়ামী লীগ ও জাতীয় পার্টিতে যাবে না। তাদের ভোটও আমিই পাব।’
সাংবাদিকদের প্রশ্নের জবাবে এস এম আকরাম বলেন, নারায়ণগঞ্জে সাত খুনসহ গুম ও খুনের ঘটনায় সরকারের এমনিতেই নাজেহাল অবস্থা। তাই সরকার এই নির্বাচনে কারচুপির মাধ্যমে আরেকটি মাগুরার নির্বাচন করতে চাইবে না। তাহলে সরকার পতনের আন্দোলন শুরু হয়ে যাবে।
তিনি আরও বলেন, ‘আমি, আনোয়ার (মহানগর আওয়ামী লীগের সভাপতি) ও রাব্বি (নিহত ত্বকীর বাবা) আমরা তিনজনই একসঙ্গে সেলিনা হায়াত্ আইভীর নির্বাচন করেছি। আমাদের মধ্যে কোনো দূরত্ব নেই। অপশক্তির হাত থেকে নারায়ণগঞ্জের মানুষকে রক্ষা করাই আমাদের উদ্দেশ্য।’
এর আগে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেন। জাতীয় পার্টির সাংসদ নাসিম ওসমানের মৃত্যুতে নারায়ণগঞ্জ-৫ আসন শূন্য হয়৷ ২৬ জুন এখানে উপনির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন৷