নারায়ণগঞ্জের ত্বকী হত্যা মামলা র্যাবে হস্তান্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাইকোর্টের নির্দেশে নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার চাঞ্চল্যকর মামলাটি র‌্যাবের কাছে হস্তান্তর করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে মামলার তদন্তকারী কর্মকর্তা ও নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের র‌্যাব-১১-এর এএসপি রবিউল ইসলামের কাছে মামলার নথিপত্র তুলে দেন। এখন থেকে মামলাটি র‌্যাব তদন্ত করবে।

মামলার বাদী ত্বকীর বাবা রফিউর রাব্বির রিট পিটিশনের পরিপ্রেক্ষিতে গত ২৮ মে বিচারপতি কাজী রেজাউল হক ও এ বি এম আলতাফ হোসাইনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ একটি রুল জারি করেন। রুলে মামলাটির তদন্তের অগ্রগতির তথ্য ও মামলার তদন্তে পুলিশের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা ও মামলার তদন্তভার কেন র‌্যাবের কাছে হস্তান্তর করা হবে না—তা জানতে চাওয়া হয়। দুই সপ্তাহের মধ্যে এ রুলের জবাব দিতে বলা হয়।

মামলার আবেদনে বিবাদী করা হয়েছিল স্বরাষ্ট্রসচিব, পুলিশ মহাপরিদর্শক ও উপ-মহাপরিদর্শক (ঢাকা), জেলা পুলিশ সুপার ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নারায়ণগঞ্জ সদর মডেল থানা। 

নারায়ণগঞ্জের পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বলেন, হাইকোর্টের নির্দেশ অনুযায়ী ত্বকী হত্যা মামলার তদন্তভার এবং মামলার সব নথিপত্র র‌্যাবের কাছে হস্তান্তর করা হয়েছে। এখন থেকে মামলাটি র‌্যাবই তদন্ত করবে। এ পর্যন্ত মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান তিনি।

গত ৬ মার্চ নারায়ণগঞ্জ শহরের শায়েস্তা খান রোডের বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয় ত্বকী। এর দুই দিন পর ৮ মার্চ শহরের চারারগোপ এলাকায় শীতলক্ষ্যা নদীর তীর  থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় ওই দিন রাতেই ত্বকীর বাবা রফিউর রাব্বি বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে সদর মডেল থানায় একটি মামলা করেন। পরে হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক সাংসদ ও আওয়ামী লীগের নেতা শামীম ওসমান, তাঁর ছেলে অয়ন ওসমান, জেলা যুবলীগের বহিষ্কৃত নেতা জহিরুল ইসলাম পারভেজ ওরফে ক্যাঙারু পারভেজ, জেলা ছাত্রলীগের সহসভাপতি রাজীব দাস, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সালেহ রহমান সীমান্ত ও রিফাতকে দায়ী করে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দেন ত্বকীর বাবা রফিউর রাব্বি। তবে শামীম ওসমান বরাবরই এই অভিযোগ অস্বীকার করেছেন।