নারায়ণগঞ্জ, নরসিংদী ও হবিগঞ্জে শিবিরের ঝটিকা মিছিল, ভাঙচুর
ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির সভাপতি দেলাওয়ার হোসেনের মুক্তির দাবিতে আজ বৃহস্পতিবার সারা দেশে ডাকা হরতালের সমর্থনে গতকাল বুধবার নরসিংদী, হবিগঞ্জ ও নারায়ণগঞ্জে ঝটিকা মিছিল, সংঘর্ষ ও গাড়ি ভাঙচুর করেছেন সংগঠনটির নেতা-কর্মীরা। প্রতিনিধিরা জানিয়েছেন বিস্তারিত:নরসিংদী: নরসিংদীতে হরতালের সমর্থনে ঝটিকা মিছিল বের করে একটি অ্যাম্বুলেন্সসহ ছয়টি গাড়ি ভাঙচুর করেছেন শিবিরের কর্মীরা। গতকাল রাত আটটার দিকে শহরের ব্রাহ্মন্দী এলাকার শিক্ষা চত্বর মোড়ে শিবিরের কর্মীরা হঠাৎ মিছিল বের করে সড়কে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন। এ সময় তাঁরা একটি অ্যাম্বুলেন্সে হামলা চালিয়ে ভাঙচুর করেন। এতে অ্যাম্বুলেন্সযাত্রী এক নারীসহ তিন যাত্রী আহত হয়। তাৎক্ষণিকভাবে আহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি। একই সময়ে বৌয়াকুড় আরশীনগর মাইক্রোবাস স্ট্যান্ডে রাখা দুটি প্রাইভেট কার, দুটি সিএনজিচালিত ও একটি ব্যাটারিচালিত অটোরিকশা ভাঙচুর করা হয়। হবিগঞ্জ: হবিগঞ্জ শহরে রাতে একটি মসজিদে জোর করে ঢুকে পড়াকে কেন্দ্র করে মুসল্লিদের সঙ্গে বহিরাগত কিছু লোকের সংঘর্ষে ২০ জন আহত হয়েছে। পুলিশ এ সংঘর্ষ থামাতে কাঁদানে গ্যাসের ১৫টি শেল ও রাবারের গুলি ছোড়ে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রাত সাড়ে আটটার দিকে হবিগঞ্জ শহরের সওদাগর মসজিদে এশার নামাজের পরপরই বহিরাগত একদল লোক মসজিদের ভেতর সভা করতে চায়। এ সময় মসজিদ কমিটির লোকজন ও নামাজে আসা মুসল্লিরা বাধা দেন। এ নিয়ে দুই পক্ষে বাগিবতণ্ডা হয়। কিছুক্ষণ পরই বাধাপ্রাপ্ত হয়ে তারা দল বেঁধে সওদাগর মসজিদে আবার ঢুকতে চাইলে এলাকার সাধারণ মুসল্লি ও বহিরাগদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। রাত সাড়ে নয়টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ধাওয়া-পাল্টাধাওয়াচলছিল।হবিগঞ্জ সদর থানার ওসি মোজামেঞ্চল হক বলেন, বহিরাগত কিছু লোক সওদাগর মসজিদে সভা করতে চাইলে মসজিদ কমিটির লোকজন বাধা দেয়। এ নিয়ে এ সংঘাতের সূত্রপাত।নারায়ণগঞ্জ: রাতে জামায়াত-শিবিরের কর্মীরা ঝটিকা মিছিল নিয়ে একটি পিকআপ ভ্যানে অগ্নিসংযোগ ও পাঁচটি যানবাহন ভাঙচুর করেছেন। এ সময় পিকেটারদের নিক্ষিপ্ত ককটেলে আহত হয়েছেন পথচারী এক বৃদ্ধা। তাঁকে হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা বলেন, তাৎক্ষণিকভাবে ওই বৃদ্ধার পরিচয় পাওয়া যায়নি। সন্ধ্যা সাতটার দিকে সদর উপজেলার সিদ্ধিরগঞ্জ ও চাষাঢ়া মিশনপাড়া এলাকায় এ দুটি ঘটনা ঘটে। নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. সালাউদ্দিন জানান, পুলিশ যাওয়ার আগেই শিবিরের কর্মীরা পালিয়ে গেছেন।