নারায়ণগঞ্জ ও আখাউড়ায় দুজনের লাশ উদ্ধার
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার বুড়িগঙ্গা নদী থেকে শুক্রবার রাতে অজ্ঞাতনামা এক ব্যক্তির (৪৫) গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। এদিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর শহর থেকে গতকাল শনিবার শামীমা বেগম নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে।
ফতুল্লা থানার উপপরিদর্শক (এসআই) আমির হোসেন জানান, বুড়িগঙ্গা নদীর বক্তাবলী লঞ্চঘাট এলাকায় এক ব্যক্তির লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শুক্রবার রাতে লাশটি উদ্ধার করে। উদ্ধার করা লাশটির গলা কাটা ছিল। তাঁর পরনে ছিল নীল রঙের গেঞ্জি। ধারণা করা হচ্ছে, ওই ব্যক্তিকে গলা কেটে হত্যা করে তাঁর লাশ বুড়িগঙ্গা নদীতে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল রাত নয়টা পর্যন্ত নিহত ব্যক্তির কোনো পরিচয় পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য ১০০ শয্যাবিশিষ্ট নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় পুলিশের তরফ থেকে মামলা করা হবে।
অপর ঘটনায় আখাউড়া পৌর শহরের টানপাড়া গ্রাম থেকে শামীমার (২৩) লাশ উদ্ধার করেছে আখাউড়া থানার পুলিশ। প্রতিবেশী সূত্র জানায়, গ্রামের রাজমিস্ত্রি রহমান মিয়ার স্ত্রী শামীমা। কয়েক দিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া চলছিল। ঘটনার দিন সকালে স্বামী কাজের জন্য ঘর থেকে বের হলে ওই গৃহবধূ ওড়না দিয়ে ঘরের তীরের সঙ্গে গলায় ফাঁস দেন।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন তরফদার প্রথম আলোকে বলেন, এটি আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যা, তা পুলিশ খতিয়ে দেখছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনার পর থেকে নিহতের স্বামীকে খুঁজে পাওয়া যাচ্ছে না।