নারায়ণগঞ্জ ও গাজীপুরে অগ্নিকাণ্ড, মালামাল ছাই, আহত ৫

নারায়ণগঞ্জের বন্দরের হরিপুরে গতকাল সোমবার পারটেক্স গ্রুপের স্টার পার্টিকেল বোর্ড মিলে অগ্নিকাণ্ড ঘটেছে। একই দিন সোনারগাঁয়ের কাঁচপুর শিল্পাঞ্চলে ওপেক্স অ্যান্ড সিনহা গ্রুপের পোশাক কারখানায় আগুন লাগে। গত রোববার রাতে গাজীপুরের টঙ্গীর একটি
গুদামে রাখা টাম্পাকো ফয়েলস লিমিটেডের কারখানার মালপত্রে আগুন লাগে।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন, গতকাল সন্ধ্যা ছয়টার দিকে স্টার পার্টিকেল বোর্ড মিলের প্রধান ফটকের সামনের একটি ভবনের তৃতীয় ও চতুর্থ তলায় আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। আগুনে পুড়ে যায় কারখানার বিপুল পরিমাণ কেমিক্যালসহ মূল্যবান যন্ত্রপাতি। এ ছাড়া আসবাবসহ জানালার ক্ষতি হয়। এ সময় তাড়াহুড়ো করে নামতে গিয়ে পাঁচ শ্রমিক আহত হন। খবর পেয়ে ডেমরা, বন্দর, আড়াইহাজার ও আদমজী ইপিজেড ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়।
স্টার পার্টিকেল বোর্ড মিলের প্রধান নির্বাহী কর্মকর্তা তোফাজ্জল হোসেন বলেন, কারখানায় ফার্নিচার লেকার করার সময় একটি বৈদ্যুতিক মোটর গরম হয়ে আগুনের সূত্রপাত ঘটে। আগুনে কেমিক্যাল ও মেশিন পুড়ে গেছে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা যায়নি। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মামুনুর রশিদ বলেন, অগ্নিকাণ্ডের ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদর দপ্তরের সহকারী পরিচালক মাসুদুর রহমান আকন্দ বলেন, গতকাল সকাল সাড়ে ছয়টায় সোনারগাঁয়ে পোশাক কারখানায় আগুনের খবর পেয়ে তাঁদের নয়টি ইউনিট কাজ শুরু করে। ১২ তলাবিশিষ্ট ভবনের ১২ তলায় আগুন লাগে। তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুনের কারণ সম্পর্কে তাৎক্ষণিক কিছু জানা যায়নি।
ওপেক্স অ্যান্ড সিনহা গ্রুপের মহাব্যবস্থাপক (জিএম) তাজোয়ার হোসেন বলেন, আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা যায়নি। তবে নিজস্ব তদন্তের পর এটা জানানো হবে। অবশ্য অগ্নিকাণ্ডের পর সংবাদমাধ্যমের কর্মীদের কারখানার ভেতরে ঢুকতে দেয়নি কর্তৃপক্ষ।
এ ছাড়া রোববার রাত সাড়ে নয়টার দিকে টঙ্গীর সিলমুন এলাকায় একটি গুদামের পাশে রাখা মালপত্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। টঙ্গী ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর মো. মোরশেদুল ইসলাম বলেন, গত ১০ সেপ্টেম্বর টঙ্গী বিসিক শিল্প এলাকার টাম্পাকো ফয়েলস লিমিটেড কারখানায় অগ্নিকাণ্ড ঘটে এবং ভবনটি ধসে পড়ে। ওই কারখানার উদ্ধার হওয়া মালপত্র টঙ্গীর সিলমুন এলাকার একটি গুদামে ও রাস্তার পাশে রাখা হয়। রোববার রাত সাড়ে নয়টার দিকে রাস্তার পাশে রাখা ফয়েল পেপারসহ অন্যান্য মালপত্রে আগুন লাগে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সিগারেটের আগুন থেকে এর সূত্রপাত হয়।
(প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ, সোনারগাঁ ও গাজীপুর প্রতিনিধি)