নারায়ণগঞ্জ ও গাজীপুরে অপহৃত দুই ব্যবসায়ী মুক্ত
গাজীপুর ও নারায়ণগঞ্জে অপহরণের পর মুক্তিপণ ছাড়াই দুই ব্যবসায়ীকে ছেড়ে দিয়েছে দুর্বৃত্তরা৷ এঁদের মধ্যে মুরগির ব্যবসায়ী শহীদুল ইসলামকে (৩৫) শনিবার রাতে ও মাছ ব্যবসায়ী গোপাল বিশ্বাসকে (৪০) গতকাল রোববার সন্ধ্যায় হাত-পা বাঁধা অবস্থায় পাওয়া যায়৷
গোপাল বিশ্বাস জানান, তাঁর বাড়ি সাতক্ষীরার দেবহাটা উপজেলার সখিপুর গ্রামে৷ তিনি সাতক্ষীরা ও ঢাকার উত্তরার ১২ নম্বর সেক্টরে মাছের ব্যবসা করেন৷ গতকাল উত্তম নামের তাঁর এক বন্ধু তাঁকে গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যানে আসতে বলেন৷ তিনি বেলা তিনটার দিকে উদ্যানের সামনে বাস থেকে নেমে উত্তমকে ফোন দেন৷ হঠাৎ একটি মাইক্রোবাস থেমে চার-পাঁচজন যুবক তাঁকে অস্ত্র দেখিয়ে গাড়িতে তুলে নেয়৷ পরে তাঁকে সদর উপজেলার রানীপুর এলাকার গজারি বনে নিয়ে একটি গাছের সঙ্গে বেঁধে রাখে৷ এ সময় অপহরণকারীরা তাঁর কাছে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে৷ তিনি চিৎকার করলে অপহরণকারীরা তাঁকে রেখে পালিয়ে যায়৷ পরে আশপাশের লোকজন এসে তাঁকে দেখতে পেয়ে পুলিশে খবর দেয়৷ পুলিশ সন্ধ্যা সাতটার দিকে তাঁকে উদ্ধার করে৷
জয়দেবপুর থানাধীন হোতাপাড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক হারুন অর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় জয়দেবপুর থানায় মামলার প্রস্তুতি চলছে৷
নারায়ণগঞ্জে উদ্ধার হওয়া শহীদুল ইসলাম গতকাল সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় ফতুল্লার তল্লা মুন্সিবাগ এলাকা থেকে কয়েকজন ব্যক্তি তাঁকে জোর করে একটি মাইক্রোবাসে তুলে নেয়৷ এরপর আর তাঁর কিছু মনে নেই৷
ফতুল্লা মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) কামরুল জানান, অপহরণকারীরা শনিবার সন্ধ্যায় শহীদুলকে অচেতন অবস্থায় সিদ্ধিরগঞ্জে কাঁচপুর সেতুর নিচে ফেলে চলে যায়৷