নারায়ণগঞ্জ ও গাজীপুরে ডাকাতি, দুজনকে কুপিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার অনন্তমুছা গ্রামে রোববার দিবাগত রাতে যোগাযোগ মন্ত্রণালয়ের উপসচিব দেলোয়ার হোসেনের বাড়িতে হানা দিয়ে তাঁর বাবা-মাকে কুপিয়ে জখম করেছে ডাকাতেরা। এদিকে একই রাতে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার চুয়ারিয়াখোলা গ্রামের একটি বাড়িতে ডাকাতি হয়েছে।এলাকাবাসী ও পুলিশ সূত্রের ভাষ্যমতে, সোনারগাঁ পৌরসভার অনন্তমুছা গ্রামে রোববার দিবাগত গভীর রাতে দেলোয়ার হোসেনের বাড়িতে ২০-২৫ জন ডাকাত হানা দেয়। ডাকাতেরা দেলোয়ার হোসেনের বাবা সামসুদ্দিন মিয়া ও মা বেদেনা বেগমকে কুপিয়ে জখম করে। তাঁদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।ডাকাতের শিকার পরিবারের দাবি, ডাকাতেরা আলমারি ভেঙে এক লাখ টাকা, ১৬ ভরি স্বর্ণালংকার, তিনটি মুঠোফোনসেটসহ মালামাল লুটে নিয়ে যায়।সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। এদিকে এলাকাবাসী ও পুলিশের সূত্রমতে, রোববার দিবাগত রাত দুইটার দিকে হাফপ্যান্ট ও কালো মুখোশ পরা ১০-১২ জন ডাকাত গাজীপুরের কালীগঞ্জ উপজেলার চুয়ারিয়াখোলা গ্রামের মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের বাড়িতে হানা দেয়। এ সময় সিরাজুল ইসলাম বাধা দিলে ডাকাতেরা রড দিয়ে তাঁকে আঘাত করে এবং অস্ত্রের মুখে এক লাখ টাকা ও চার ভরি স্বর্ণালংকার লুটে নেয়। পরে ডাকাতেরা পাশের একটি বাড়িতে ঢুকে পড়ে এবং একটি মেয়ের গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে ফাঁকা গুলি করতে করতে পালিয়ে যায়। স্থানীয় সূত্রের ভাষ্যমতে, শনিবার দিবাগত রাতে কালীগঞ্জের দড়িপাড়া বাজারের দুটি স্বর্ণের দোকানে ও বান্দাখোলা গ্রামের একটি বাড়িতে ডাকাতেরা হানা দিয়ে সোনা-রুপার গয়নাসহ বিভিন্ন মালামাল লুটে নিয়ে যায়। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনায়েত উদ্দিন জানান, মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের বাড়ির ঘটনায় মামলা হয়েছে। তবে অন্য ঘটনাগুলোকে তিনি চুরি হিসেবে বর্ণনা করেন।