নারায়ণগঞ্জ ও গাজীপুরে দুই গৃহবধূ খুন
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ভাশুরের ছুরিকাঘাতে তাছলিমা আক্তার (৩২) নামের পাঁচ মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূ খুন হয়েছেন। গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় অনিমা সরকার (২০) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে।
বন্দর থানার পুলিশ জানায়, তাছলিমা উপজেলার নবীগঞ্জ ইসলামবাগ এলাকার মনির হোসেনের স্ত্রী। তাঁদের সংসারে রাকিব (১২) ও মেহেরুন (১৫) নামে দুই সন্তান রয়েছে। তিনি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন বলে পরিবারের লোকজন জানিয়েছেন।
নিহতের ছেলে রাকিব জানায়, বুধবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে তার মা সেহ্রি খেতে ঘুম থেকে উঠে দরজা খুলে শৌচাগারে যান। এর কিছুক্ষণ পর বাইরে ধস্তাধস্তির আওয়াজ শুনে সে জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখে মাকে তার চাচা আমির হোসেন মারধর করছেন। বাইরে অন্ধকার থাকায় সে বুঝতে পারেনি যে তার মাকে ছুরিকাঘাত করা হচ্ছে। ওই সময় সে তার বাবাকে ঘুম থেকে ডেকে তুলে ঘটনা জানায়। এ সময় চিৎকার শুনে লোকজন বেরিয়ে এলে আমির দৌড়ে পালিয়ে যান। নিহতের মেয়ে মেহেরুন জানায়, আমির হোসেন ছয়-সাতটি সমিতি এবং মাল্টিপারপাস থেকে প্রায় এক লাখ ২০ হাজার টাকা ঋণ নিয়েছেন। কিন্তু সময়মতো কিস্তি পরিশোধ করতে না পারায় প্রায়ই তাদের বাড়িতে ওই সব প্রতিষ্ঠানের মাঠকর্মীরা এসে বসে থাকতেন। এসব নিয়ে কয়েক দিন আগে আমির হোসেনের সঙ্গে তার মায়ের কথা-কাটাকাটি হয়।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার মোর্শেদ জানান, তাসলিমা সেহ্রির সময় বাইরে এলে আমির তাঁর মুখে কাপড় দিয়ে চেপে ধরে ছুরিকাঘাত করেন। তাঁর শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় আমিরের স্ত্রী শিল্পী বেগমকে (৩৫) আটক করা হয়েছে।
কালিয়াকৈর থানার পুলিশ ও পরিবারের লোকজন জানান, টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ধূপাটিয়া গ্রামের সুশীল রায়ের ছেলে রাজীব রায় গত দুই মাস আগে প্রেমের সম্পর্ক গড়ে একই গ্রামের অনিমাকে বিয়ে করেন। রাজীবের আগের পক্ষে স্ত্রী ও এক সন্তান রয়েছে। বিয়ের পর তিনি কালিয়াকৈর চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় যমুনা ব্যাংকের নিচে জননী এন্টারপ্রাইজ নামে একটি দোকান দেন। তিনি ওই ভবনেরই পঞ্চম তলায় একটি ফ্ল্যাট বাসায় দুই স্ত্রীকে নিয়ে বসবাস করতেন। এ কারণে পরিবারের সদস্যদের মধ্যে কলহ চলছিল। বুধবার রাতেও তাঁদের মধ্যে ঝগড়া হয়। এর জের ধরে রাজীব অনিমাকে বেধড়ক মারধর করেন। পরদিন সকালে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।
রাজীব রায় বলেন, রাতে তাঁদের মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার পর তিনি অন্য একটি ঘরে দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়েন। রাতের কোনো এক সময় তাঁর স্ত্রী আত্মহত্যা করেছেন। তবে অনিমার ভাই তাপস সরকার বলেন, অনিমাকে পিটিয়ে হত্যা করে লাশ ওড়না দিয়ে পেঁচিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, ময়নাতদন্ত প্রতিবেদন পেলে এটি হত্যা নাকি আত্মহত্যা তা জানা যাবে।