নারায়ণগঞ্জ ও গাজীপুরে দুই শ্রমিককে হত্যা
গাজীপুর শহরে গতকাল রোববার বিকেলে এক কারিগরকে একটি চায়ের দোকান থেকে তুলে নিয়ে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। এর আগে শনিবার রাতে নারায়ণগঞ্জ সদর উপজেলায় ইটভাটার এক শ্রমিককে বাড়ি থেকে ডেকে নিয়ে চোর আখ্যা দিয়ে পিটিয়ে হত্যা করা হয়।
নিহত ব্যক্তিরা হলেন গাজীপুর সদর উপজেলার উত্তর বিলাশপুর এলাকার আনোয়ার হোসেনের ছেলে সেলিম হোসেন (৩০) ও কিশোরগঞ্জের নিকলী উপজেলার দীন ইসলামের ছেলে শফিকুল ইসলাম (৩৫)। সেলিম স্থানীয় একটি ওয়ার্কশপে কাজ করতেন। শফিকুল নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর এলাকার একটি বাড়িতে ভাড়া থেকে ফতুল্লার বক্তাবলী এলাকার একটি ইটভাটায় কাজ করতেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, গাজীপুর শহরের উত্তর বিলাশপুরের সেলিম গতকাল বিকেল সাড়ে পাঁচটার দিকে শহরের রেলগেট এলাকার একটি চায়ের দোকানে বসে ছিলেন। এ সময় বিলাশপুরের টুটুল, কনক, গিয়াস ও রয়েলের নেতৃত্বে আট-নয়জনের একটি দল সেলিমকে জোর করে তুলে জয়দেবপুর থানা থেকে প্রায় ৫০০ গজ দূরে শহরের মাছবাজার এলাকায় নিয়ে যায়। সেখানে তারা প্রকাশ্যে দা দিয়ে সেলিমকে এলোপাতাড়ি কোপায়। পরে আশপাশের লোকজন সেলিমকে উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সুমন চন্দ্র রায় জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হাত বিচ্ছিন্ন হয়ে অতিরিক্ত রক্তক্ষরণে সেলিমের মৃত্যু হতে পারে। তা ছাড়া সেলিমের শরীরের বিভিন্ন স্থানে দায়ের কোপ রয়েছে।
সেলিমের ছোট ভাই শামীম হোসেন জানান, তাঁরাসহ পাঁচ-ছয়টি পরিবার উত্তর বিলাশপুর এলাকায় খাসজমিতে বাড়িঘর তৈরি করে প্রায় ৪০ বছর ধরে বসবাস করছেন। স্থানীয় প্রভাবশালী একটি মহল দীর্ঘদিন ধরে তাদের উচ্ছেদ করে ওই জমি দখলের চেষ্টা করছে। এর জের ধরে সেলিমকে কুপিয়ে হত্যা করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জয়দেবপুর থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় কেউ আটক বা গ্রেপ্তার হয়নি। কোনো অভিযোগ জমা পড়েনি।
নিহত শফিকুল ইসলামের স্ত্রী শামসুন্নাহার জানান, গত শনিবার সন্ধ্যায় তাঁর স্বামী শফিকুলকে অজ্ঞাতনামা এক ব্যক্তি বাসা থেকে ডেকে নেন। ওই রাতে শফিকুল আর বাসায় ফেরেননি। সকালে জানতে পারেন আলীরটেক এলাকার একটি ইটভাটায় তাঁর স্বামীকে কে বা কারা চোর আখ্যা দিয়ে পিটিয়ে আহত করে ফেলে রেখেছে। তিনি সেখানে গেলে ওই ইটভাটার লোকজন আহত অবস্থায় স্বামীকে তাঁর হাতে তুলে দেন। পরে তাঁকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের জানান, এ ঘটনায় তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ছয়-সাতজনকে আসামি করে শামসুন্নাহার মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।