নারায়ণগঞ্জ ও গাজীপুরে সাত জঙ্গি গ্রেপ্তার
নারায়ণগঞ্জের বন্দর ও রূপগঞ্জ থেকে জঙ্গি সংগঠন ‘নব্য জেএমবির সারোয়ার-তামিম গ্রুপের’ সক্রিয় তিন সদস্যকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে র্যাব-১১। র্যাব বলেছে, ওই তিনজনের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, তিনটি গুলি, একটি চাপাতি, একটি চাকু, কিছু জঙ্গিবাদী বই ও লিফলেট উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার তিনজন হলেন ঢাকার কেরানীগঞ্জের আবদুর রহমান ওরফে রুবেল ওরফে সুফিয়ান (৩২), ময়মনসিংহ সদর থানার সৈয়দ রায়হানুল আহসান ওরফে নাফিস (৩২) ও চাঁদপুরের শাহরাস্তির মোহাম্মদ ইমাম হোসেন ওরফে রাশেদ ওরফে আবু উমামা আল বাহিরী (২৭)।
এদিকে গাজীপুর থেকে জেএমবির চার সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-১।
গতকাল মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজীনগরে র্যাব-১১-এর ব্যাটালিয়ন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে র্যাব-১১-এর অধিনায়ক লে. কর্নেল কামরুল হাসান বন্দর ও রূপগঞ্জ থেকে তিনজনকে গ্রেপ্তারের তথ্য জানান। এ সময় উপস্থিত ছিলেন উপ-অধিনায়ক মেজর আশিক বিল্লাহ ও জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মশিউর রহমান।
লে. কর্নেল কামরুল হাসান বলেন, সোনারগাঁয়ে একটি জঙ্গি সংগঠনের বেশ কিছু সদস্য নাশকতার পরিকল্পনা করতে গোপন বৈঠকের জন্য মিলিত হয়েছে—এমন খবরের ভিত্তিতে গত সোমবার সন্ধ্যা সাতটা থেকে গতকাল ভোর সাড়ে পাঁচটা পর্যন্ত বন্দর ও রূপগঞ্জে অভিযান চালিয়ে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়। তিনি দাবি করেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছেন, তাঁরা জঙ্গি সংগঠন নব্য জেএমবির (সারোয়ার-তামিম গ্রুপ) সক্রিয় সদস্য এবং তাঁরা সাংগঠনিক কর্মকাণ্ডের সমন্বয় ও নাশকতার পরিকল্পনার জন্য গোপন বৈঠকে মিলিত হয়েছিলেন।
র্যাব-১১-এর অধিনায়ক আরও বলেন, গ্রেপ্তারকৃতদের মধ্যে আবদুর রহমান ২০০৬ থেকে ২০১৬ সাল পর্যন্ত মূল জেএমবির সদস্য হিসেবে সংগঠনের জন্য সদস্য সংগ্রহ করেন। তিনি ২০১৬ সালে তাঁর গুরু কথিত ‘স্যার’-এর মাধ্যমে সারোয়ার-তামিম গ্রুপে যোগ দিয়ে দাওয়াতি শাখা থেকে সামরিক শাখায় আত্মপ্রকাশ করেন। তিনি ইতিপূর্বে র্যাব-১১-এর হাতে গ্রেপ্তার শুরা সদস্য ইমরান আহমেদের জন্য অস্ত্র সংগ্রহের কাজ নিয়েছিলেন।
র্যাব বলেছে, গ্রেপ্তারকৃত সৈয়দ রায়হানুল চাকরির পাশাপাশি মূল জেএমবি ও পরবর্তী সময়ে সারোয়ার-তামিম গ্রুপের দাওয়াতি, আইটি ও গবেষণা শাখার সক্রিয় সদস্য। ২০১৫ সালের শেষ দিকে তিনি কথিত ‘স্যার’-এর মাধ্যমে সারোয়ার-তামিম গ্রুপে যোগ দেন। হুজির পক্ষে কিছুদিন কাজ করা ইমাম হোসেন পরে সারোয়ার-তামিম গ্রুপে যোগ দেন। তিনি জঙ্গি হামলাসংক্রান্ত বিভিন্ন কলাকৌশল ইন্টারনেট থেকে ডাউনলোড করে সদস্যদের মাঝে প্রচার করতেন। আবদুর রহমান ও ইমাম হোসেনের বিরুদ্ধে রূপগঞ্জ ও ফতুল্লা থানায় দুটি মামলা রয়েছে।
গাজীপুরে জেএমবির চার সদস্য গ্রেপ্তার
গাজীপুরের জয়দেবপুর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির চার সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-১। তাঁরা হলেন চাঁদপুরের মতলবের (উত্তর) মো. জুয়েল হুসেন (২৫), গাজীপুর সদর উপজেলার নান্দুয়াইনের আফজাল হোসেন (৩৮) ও জহিরুল হক (৩৪) এবং শেরপুরের ঝিনাইগাতীর মো. আবদুল হালিম (৩২)।
গতকাল সন্ধ্যায় র্যাব সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, জেএমবির সদস্য এবং সন্ত্রাসবিরোধী আইনের মামলার এজাহারভুক্ত ও সন্দিগ্ধ কয়েকজন আসামির নাশকতামূলক কর্মকাণ্ডের উদ্দেশ্যে অবস্থানের খবর পেয়ে র্যাব-১-এর একটি দল সোমবার ভোরে জয়দেবপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালায়। এ অভিযানে ওই চারজনকে গ্রেপ্তার করা হয়।