নারায়ণগঞ্জ ও চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা ও চাঁদপুর সদর উপজেলায় আজ শনিবার পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন মারা গেছেন।

আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:

নারায়ণগঞ্জ: সকাল পৌনে সাতটার দিকে আড়াইহাজার উপজেলার শিমুলতলা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক ও যাত্রীবাহী লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লেগুনার যাত্রী তাসলিমা বেগম (৩০) ঘটনাস্থলে নিহত হন। আহত হন পাঁচজন। আহত ব্যক্তিদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘন কুয়াশার কারণে এ সংঘর্ষ হয়েছে বলে জানা গেছে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন প্রথম আলো ডটকমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত নারীর লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

চাঁদপুর: ভোর পাঁচটার দিকে চাঁদপুর সদর উপজেলার নিজ গাছতলা এলাকায় পিকআপভ্যান ও সিএনজিচালিত একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। অটোরিকশা চালক আবুল হোসেন (৪৫) ঘটনাস্থলে নিহত হন। ঘটনার পর পিকআপভ্যানের চালক পালিয়ে যান। নিহত আবুল হোসেন ফরিদগঞ্জ উপজেলার আব্দুল জলিলের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোরশেদ প্রথম আলো ডটকমকে জানান, নিহতের লাশ থানায় নিয়ে আসা হয়েছে।