নারায়ণগঞ্জ ও নরসিংদীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ
নারায়ণগঞ্জ সদরের আলীরটেক ইউনিয়নের গোপচর এলাকায় ধলেশ্বরী নদী থেকে অবৈধ বাঁশের পাইলিং উচ্ছেদে গতকাল বুধবারও অভিযান চালিয়েছে বিআইডব্লিউটিএ। একই দিন নরসিংদীর মাধবদীতে সড়ক সম্প্রসারণের জন্য অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
বিআইডব্লিউটিএ, নারায়ণগঞ্জ নদী বন্দরের উপপরিচালক গোলাম মোস্তফা জানান, গোপচর এলাকায় ধলেশ্বরী নদী দখল করে ১৫-২০টি ইটভাটার মালিকেরা বাঁশের পাইলিং স্থাপন করেছিলেন। নদীর সীমানার ভেতরে স্থাপনা করার বিষয়ে হাইকোর্টের নিষেধাজ্ঞা থাকলেও ভাটার মালিকেরা বাঁশের পাইলিং স্থাপন করেছিলেন। দখলদারদের উচ্ছেদ করতে গত ৩০ মে অভিযান শুরু হয়। গতকালও বাঁশের পাইলিংসহ ভরাট করা মাটি ওঠানোর অভিযান চলে। তিন দিনে ৬০ লাখ ঘনফুট উত্তোলন করা হয়।
এদিকে নরসিংদীর মাধবদীতে গতকাল ভ্রাম্যমাণ আদালত ও পৌর কর্তৃপক্ষ উচ্ছেদ অভিযান পরিচালনা করে। পৌরসভার ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে এ অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী হাকিম মেহেদী হাসান।
পৌরসভার প্রশাসনিক বিভাগ সূত্রে জানা গেছে, বিশ্বব্যাংকের একটি প্রকল্পের আওতায় সড়ক সম্প্রসারণের কাজ শুরু করে পৌর কর্তৃপক্ষ। কিন্তু অবৈধভাবে সড়ক দখল করে দোকানপাট, বাড়ি, ধর্মীয় প্রতিষ্ঠান ইত্যাদি নির্মাণ করায় কাজ চালানো সম্ভব হচ্ছিল না।