নারায়ণগঞ্জ ও ফেনীর হত্যার দায় সরকার এড়াতে পারে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নারায়ণগঞ্জ ও ফেনীর লোমহর্ষক দুটি হত্যাকাণ্ডের দায় সরকার এড়াতে পারে না। তাই সরকার এই ঘটনার সত্য উদ্ঘাটনে ব্যস্ত। হত্যাকাণ্ড দুটি মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানিয়েছে। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হচ্ছে।
গতকাল শনিবার সকাল ১০টার দিকে কক্সবাজারের উখিয়া উপজেলার সমুদ্রসৈকতের ইমামেরডেইল গ্রামে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। এর আগে তিনি সমুদ্রসৈকতের তীরে নির্মিতব্য কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়ক পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, সেনাবাহিনীর প্রকৌশল বিভাগের প্রধান মেজর জেনারেল মো. আবদুল কাদির, ব্রিগেডিয়ার জেনারেল সাইফুর রহমান ও আবদুল ওয়াহাব, ১৬ ইসিবির অধিনায়ক লে. কর্নেল নুর হোসেন, কক্সবাজার সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী নূর-ই আলম, উখিয়ার ইউএনও মো. সাইফুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (উখিয়া সার্কেল) জসিম উদ্দীন মজুমদার প্রমুখ।
কক্সবাজার মেরিন ড্রাইভের জন্য ২১০ কোটি বরাদ্দ : যোগাযোগমন্ত্রী বলেন, ২০১৫ সালের মধ্যে মেরিন ড্রাইভ সড়কের নির্মাণকাজ শেষ করবে সরকার। মেরিন ড্রাইভের অবশিষ্ট কাজ শেষ করতে সরকার আরও ২১০ কোটি টাকা বরাদ্দ দিচ্ছে। এই সড়কের নির্মাণকাজ সম্পন্ন হলে কক্সবাজারের পর্যটনশিল্পের পাশাপাশি মৎস্য, কৃষিতে ব্যাপক উন্নতি হবে। ঝড় জলোচ্ছ্বাসে উপকূলীয় মানুষ এই সড়ক কাজে লাগাতে পারবে। বাংলাদেশ-মিয়ানমারের মধ্যে সামরিক, রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কের ক্ষেত্রে এই সড়ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ওবায়দুল কাদের আক্ষেপ করে বলেন, ২২ বছর ধরে এই মেরিন ড্রাইভ সড়কের নির্মাণকাজ ঝুলে থাকা অত্যন্ত লজ্জাজনক। তাই প্রধানমন্ত্রীর নির্দেশে যত দ্রুত সম্ভব এই সড়কের নির্মাণকাজ সম্পন্ন করা হবে।