ইসলামী আইন বাস্তবায়ন কমিটির ডাকা গত সোমবারের হরতালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলা, ভাঙচুর এবং বোমা উদ্ধারের ঘটনায় ওই দিন রাতে নারায়ণগঞ্জে দুটি এবং ব্রাহ্মণবাড়িয়ায় তিনটি মামলা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে ৭৯ জনকে।নারায়ণগঞ্জ: সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম বদরুল আলম জানান, হরতাল চলাকালে বেলা সাড়ে ১১টায় সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর মাদ্রাসাশিক্ষক ও ছাত্রদের হামলা, সরকারি কাজে বাধা প্রদান, ভাঙচুর এবং লুটপাটের অভিযোগে ৫৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও অনেককে আসামি করে মামলা করা হয়েছে। থানার উপপরিদর্শক (এসআই) ওসমান আলী বাদী হয়ে মামলাটি করেন। এ মামলায় ৩৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন জানান, শহরের চাষাঢ়া ও দুই নম্বর রেলগেট এলাকায় একই ধরনের ঘটনার অভিযোগে এসআই সোহেল রানা বাদী হয়ে ইসলামী আইন বাস্তবায়ন কমিটি নারায়ণগঞ্জ শাখার আহ্বায়ক মাওলানা আবদুল আওয়ালসহ ২৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও অনেককে আসামি করে মামলা করেন। এ মামলায় ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।ব্রাহ্মণবাড়িয়া: হরতাল চলাকালে মাদ্রাসার ছাত্রদের হামলা, ভাংচুর ও হাতবোমা উদ্ধারের ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় তিনটি মামলা হয়েছে।পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাতে শহরের কাজীপাড়ায় সৈয়দা সৈয়দুন্নেছা দারুল কোরআন মাদ্রাসা থেকে পাঁচটি হাতবোমা উদ্ধার করা হয়। এ ঘটনায় সদর থানার এসআই মাহফুজুর রহমান বাদী হয়ে বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা করেন। এই মামলায় ব্রাহ্মণবাড়িয়া ইসলামী ঐক্যজোটের প্রচার সম্পাদক মুফতি এনামুল হাসানসহ আটজনকে আসামি করা হয়।শহরের কাউতলী মোড়ে পুলিশ-বহনকারী সিএনজি অটোরিকশা ভাঙচুর এবং পুলিশের ওপর হামলার ঘটনায় এসআই মিজানুর রহমান বাদী হয়ে আরেকটি মামলা করেন। মামলাটিতে ৬৯ জন মাদ্রাসাছাত্রের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়।এ ছাড়া কুমিল্লা-সিলেট মহাসড়কের ভাদুঘর এলাকায় জেলা কারাগারের প্রিজন ভ্যান ভাঙচুর এবং কারারক্ষীদের ওপর হামলার ঘটনায় কারা তত্ত্বাবধায়ক মো. শামসুল ইসলাম বাদী হয়ে আরও একটি মামলা করেন। এতে অজ্ঞাতনামা ২৫০ জনকে আসামি করা হয়। এসব মামলায় ৩২ জন মাদ্রাসাছাত্রকে গ্রেপ্তার করা হয়েছে।এদিকে গ্রেপ্তার করা ছাত্রদের মুক্তির দাবিতে গতকাল বেলা ১১টায় শহরের কান্দিপাড়া খতমে নবুওয়্যত মাদ্রাসার ছাত্ররা মিছিল বের করার চেষ্টা করলে এলাকাবাসী তাতে বাধা দেয়। এ সময় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে।অন্যদিকে হরতালের দিন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সাংসদের গাড়িতে হামলার চেষ্টার ঘটনায় জেলা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। সকালে যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা শহরের লাঠি ও বৈঠা মিছিল বের করে। মামলার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মো. শাখাওয়াত হোসেন প্রথম আলোকে জানান, অপ্রীতিকর ঘটনার আশঙ্কায় শহরের মাদ্রাসাগুলোতে পুলিশ মোতায়েন করা হয়েছে।