নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জে বিএনপির বিক্ষোভে বাধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ নগরীর ডিআইটি বাণিজ্যিক এলাকায় বিএনপির সমাবেশ থেকে ব্যানার কেড়ে নিচ্ছে পুলিশ l ছবি: প্রথম আলো
নারায়ণগঞ্জ নগরীর ডিআইটি বাণিজ্যিক এলাকায় বিএনপির সমাবেশ থেকে ব্যানার কেড়ে নিচ্ছে পুলিশ l ছবি: প্রথম আলো

৭ নভেম্বর উপলক্ষে ঢাকায় সমাবেশের অনুমতি না দেওয়ার প্রতিবাদে গতকাল সোমবার নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জে বিএনপির বিক্ষোভ কর্মসূচিতে পুলিশি বাধার অভিযোগ পাওয়া গেছে। গাজীপুরে শান্তিপূর্ণ কর্মসূচি পালিত হয়েছে।
প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
নারায়ণগঞ্জ: প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সোমবার বিকেলে শহরের জেলা ও নগর বিএনপির প্রধান কার্যালয়ের সামনে সমাবেশ শুরু করে বিএনপি। এর পরপরই বিএনপির কার্যালয় ঘিরে থাকা পুলিশ নেতা-কর্মীদের হাত থেকে ব্যানার কেড়ে নেয়। পুলিশ উপস্থিত নেতা-কর্মীদের সমাবেশস্থল ত্যাগ করার নির্দেশও দেয়। এর প্রতিবাদ জানিয়ে বিএনপির নেতারা বলেন, এ অগণতান্ত্রিক আচরণের জন্য এ অবৈধ আওয়ামী সরকারকে একদিন জনগণের কাঠগড়ায় দাঁড়াতে হবে।
এ সময় নগর বিএনপির সিনিয়র সহসভাপতি জাকির হোসেন, গার্মেন্টস শ্রমিক দলের প্রতিষ্ঠাতা সভাপতি নূর মোহাম্মদ, বিএনপি নেতা নূর ইসলাম, আবুল হোসেন, মহানগর যুবদলের নেতা মঞ্জুরুল আলম, মহানগর ছাত্রদলের নেতা মাকিদ মোস্তাকীম, শ্রমিক নেতা মো. জুলহাস প্রমুখ উপস্থিত ছিলেন।
মুন্সিগঞ্জ: বেলা পৌনে ১১টায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে দলীয় নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল করতে চাইলে পুলিশ বাধা দেয়। এরপর নেতা-কর্মীরা পাঁচ মিনিটের মধ্যেই কর্মসূচি সমাপ্ত ঘোষণা করেন।
এ সময় সদর উপজেলা বিএনপির সভাপতি আবদুল হাইয়ের ভাই মো. মহিউদ্দিন আহম্মেদ, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আতোয়ার হোসেন, শহর বিএনপির সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক আবদুল আজীম, জেলা যুবদলের সভাপতি তারেক কাশেম খান প্রমুখ উপস্থিত ছিলেন। কর্মসূচি শেষ করার আগে নেতারা বলেন, সরকার মানুষের গণতান্ত্রিক অধিকার গলা টিপে হত্যা করতে চায়। সে জন্যই বিএনপিকে সমাবেশের অনুমতি দেওয়া হয়নি। সরকারের ভয়, সমাবেশে লাখো মানুষের ঢল নামলে তাদের পতন হতে পারে। তাই তারা অনুমতি নিয়ে নাটকের সৃষ্টি করেছে।
গাজীপুর: সকালে জেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়। গাজীপুর শহরের শিববাড়ি মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে বিভিন্ন সড়ক ঘুরে গাজীপুর জেলা বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়। সেখানে সমাবেশে গাজীপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও গাজীপুর সিটি কাউন্সিলর হান্নান মিয়া সংক্ষিপ্ত বক্তব্য দেন। অন্যদের মধ্যে বিএনপি নেতা জয়নাল আবেদীন তালুকদার, মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রায়হান আল মাহামুদ রানা প্রমুখ উপস্থিত ছিলেন।