নারায়ণগঞ্জ ও সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে আজ সোমবার বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছে। গতকাল রোববার রাতে সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়।

আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:

নারায়ণগঞ্জ: পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ ভোরে যাত্রীবাহী একটি বাস ডেমরা থেকে আদমজী ইপিজেড এলাকার ফ্যাশন সিটি গার্মেন্টসের দিকে যাচ্ছিল। ঢাকা-ডেমরা সড়কে সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের শিমরাইল অ্যাপোলো স্টিল মিলের সামনে বাসটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অন্তত ১৫ জন আহত হন। আহত ব্যক্তিদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর সেখানে চারজনের মৃত্যু হয়। তাঁরা হলেন বাসচালক মুন্না ও বাসযাত্রী শাহীনুর বেগম (২৫), আয়েশা বেগম (২৭) ও হেলেনা (২৪)।

জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সিরাজগঞ্জ: হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ আহম্মেদ জানান, গতকাল রাতে ঢাকা থেকে একটি ট্রাক খুলনায় যাচ্ছিল। রাত সাড়ে ১১টার দিকে ট্রাকটি হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে সিরাজগঞ্জের সলঙ্গা থানার বড়গোজা এলাকায় পৌঁছার পর সামনের চাকা ফেটে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি রাস্তার একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে পাশের খাদে উল্টে পড়ে। এতে ঘটনাস্থলে চালক মো. বাবু ফকির (৩২), সহকারী মনির ছানা (৩৫) ও যাত্রী কাগজী মহসীন (৪০) নিহত হন। গুরুতর আহত অবস্থায় ট্রাকের মালিক মো. নিজাম উদ্দীন শেখকে (৩৫) সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে আজ সকালে তাঁর মৃত্যু হয়।

ওসি জানান, এ ঘটনায় হাটিকুমরুল হাইওয়ে থানায় একটি মামলা হয়েছে। লাশগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এই চারজনের বাড়ি খুলনার খানজাহান আলী উপজেলার শিরোমনি গ্রামে।