নারায়ণগঞ্জ ও সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে গতকাল সোমবার সকালে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিন পোশাকশ্রমিকসহ চারজন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। এর আগের দিন রোববার রাতে সিরাজগঞ্জের সলঙ্গায় একটি ট্রাক খাদে পড়ে ট্রাকের মালিক, চালক, সহকারীসহ চারজন নিহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, গতকাল সকাল আটটার দিকে ঢাকার ডেমরা থেকে পোশাকশ্রমিকদের নিয়ে বাসটি সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডের কুনতাং ফ্যাশন লিমিটেডে আসছিল। শিমরাইলের একটি স্টিল মিলের সামনে বিপরীত দিক থেকে আসা একটি রডবাহী ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। বাসের চালকসহ পোশাকশ্রমিকেরা গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে নিয়ে যায়। সেখানে বাসচালক মুন্না (২৭) এবং কুনতাং ফ্যাশন লিমিটেডের শ্রমিক শাহীনূর বেগম (২৫), আয়েশা বেগম (২৭) ও হেলেনা আক্তার (২৫) মারা যান।
পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম জানান, দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক জব্দ করা হয়েছে। ট্রাকের চালক পলাতক।
সিরাজগঞ্জে নিহত ব্যক্তিরা হলেন ট্রাকের মালিক মো. নিজাম উদ্দীন শেখ (৩৫), চালক মো. বাবু ফকির (৩২), সহকারী মনির ছানা (৩৫) ও নিজামের বন্ধু কাগজী মহসীন (৪০)। তাঁদের বাড়ি খুলনার খানজাহান আলী থানাধীন শিরোমণি গ্রামে। তাঁরা ট্রাকের কেবিনে বসে ছিলেন।
হাঁটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ আহম্মেদ জানান, ট্রাকে (পিরোজপুর ড-১১-০০১৩) পানির ট্যাংক নিয়ে রোববার রাতে ঢাকা থেকে খুলনায় যাচ্ছিলেন বাবু ফকির। রাত সাড়ে ১১টার দিকে হাঁটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সলঙ্গার বড়গোজা স্থানে ট্রাকের সামনের চাকার পাতি (ফ্রন্ট এক্সেল) ভেঙে যায়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি রাস্তার পাশের একটি গাছের সঙ্গে জোরে ধাক্কা খেয়ে খাদের মধ্যে উল্টে পড়ে। ঘটনাস্থলেই চালক, সহকারীসহ তিনজনের মৃত্যু হয়। সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে গতকাল সকালে নিজাম শেখ মারা যান।