নারায়ণগঞ্জ কারাগারে হাজতির মৃত্যু
নারায়ণগঞ্জ জেলা কারাগারে গতকাল শনিবার ভোরে ফারুক মিয়া (৩২) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। পরিবারের দাবি, পুলিশের নির্যাতনে তাঁর মৃত্যু হয়েছে। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ অভিযোগ অস্বীকার করেছে। নারায়ণগঞ্জ জেলা কারাগারের দায়িত্বপ্রাপ্ত জেলার দেওয়ান তারিকুল ইসলাম জানান, গতকাল ভোরে ফারুক মিয়া হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে তাঁকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। ফারুকের বাবার নাম বোরহান উদ্দিন। শহরের ১ নম্বর বাবুরাইল এলাকায় তাঁর বাড়ি। পুলিশ ২২ মার্চ নারায়ণগঞ্জ সদর মডেল থানার একটি মাদক মামলায় তাঁকে গ্রেপ্তার করে। ২৩ মার্চ দুই দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে পুলিশ ২৫ মার্চ ফারুককে আদালতে হাজির করলে আদালত তাঁকে জেলহাজতে পাঠান। ফারুকের স্ত্রী সেলিনা বেগম দাবি করেন, পুলিশি নির্যাতনের কারণেই তাঁর স্বামীর মৃত্যু হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা ও সদর মডেল থানার এসআই মো. নূর মোহাম্মদ গতকাল প্রথম আলোকে জানান, র্যাব-১১-এর একটি দল ৫০ লিটার মদসহ ফারুক মিয়াকে গ্রেপ্তার করে পুলিশে সোপর্দ করে।