নারায়ণগঞ্জ কারাগারের হাজতির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ জেলা কারাগারের হাজতি দীপক দাসের (৪৫) মৃত্যু হয়েছে। রোববার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তাঁর মৃত্যু হয়।চটপটি বিক্রেতা দীপক আড়াইহাজার থানায় করা একটি মাদক মামলার আসামি। দীপকের স্ত্রী রিনা রানী দাসের অভিযোগ, ৩০ হাজার টাকা ঘুষ না দেওয়ায় আড়াইহাজার থানার পুলিশের নির্যাতনে দীপকের মৃত্যু হয়েছে। অভিযোগ অস্বীকার করে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, দীপককে কোনো নির্যাতন করা হয়নি। তাঁর স্ত্রী মিথ্যা অভিযোগ করছেন। মরদেহের ময়নাতদন্তসহ বিষয়টির আরও তদন্ত হবে। তখনই বেরিয়ে আসবে পুলিশ তাঁকে নির্যাতন করেছে কি না।থানার উপপরিদর্শক (এসআই) মো. জাহিরুল ইসলাম জানান, তিনি গত শনিবার দুই লিটার মদসহ দীপককে গ্রেপ্তার করেন। এ ঘটনায় তিনি বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দীপকের বিরুদ্ধে মামলা করেন। পরদিন রোববার তাঁকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।নারায়ণগঞ্জ কারাগার সূত্র জানায়, অসুস্থ হলে রোববার রাত সাড়ে আটটার দিকে দীপককে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। রাত সাড়ে ১১টার দিকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, হাসপাতালে আনার সময় দীপকের মুখ দিয়ে রক্ত ঝরছিল। পরে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।দীপকের স্ত্রী রিনা রানী দাস জানান, ‘দীপককে গ্রেপ্তারের পর তাঁর মুক্তির জন্য পুলিশ আমার কাছে ৩০ হাজার টাকা দাবি করে। টাকা দিতে না পারায় শনিবার রাতে পুলিশ আড়াইহাজার থানার হাজতে দীপকের ওপর নির্যাতন চালায়। এতে অসুস্থ হয়ে তাঁর মৃত্যু হয়েছে।’